বাবুবাজারে শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হবে
আবদুল মান্নান নামের এক শ্রমিককে মারধরের ঘটনায় পুরান ঢাকার বাবুবাজারে চালের পাইকারি বাজারে সকাল ১১টা পর্যন্ত পণ্য ওঠানো নামানোর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। পরে বিষয়টি মীমাংসা করে স্থানীয় কাউন্সিলর বিল্লাল শাহ জানান ঝামেলা এড়াতে শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হবে।
আবদুল মান্নান প্রথম আলোকে জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নেওয়ার সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় রাস্তা দিয়ে পরিবার নিয়ে আসছিলেন স্থানীয় নাসির উদ্দিন। যানজট দেখে রেগে গিয়ে রাস্তায় নাসিরকে পেয়ে তাঁর পেটে ঘুষি দেন। এরপর তিনি মাথায় বস্তা নিয়ে দৌড়ে গুদামে আশ্রয় নিলে সেখানে গিয়েও নাসির উদ্দিন তাঁর ওপর চড়াও হন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বাবুবাজারের চালের দোকানে পণ্য ওঠানো নামানোর কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। বিচারের দাবিতে তাঁরা মিছিল করেন। পরে বিষয়টি মীমাংসা করতে কাউন্সিল কার্যালয়ে চাল ব্যবসায়ী সমিতি ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করে কাউন্সিলর বিল্লাল বিষয়টি মীমাংসা করেন।
বৈঠক উপস্থিত শ্রমিকেরা জানান, বৈঠকে অভিযুক্ত নাসির উদ্দিন আসেননি। তবে তিনি তার এক আত্মীয়কে পাঠান। নাসিরের হয়ে ওই আত্মীয় দোষ স্বীকার করেন।
বৈঠক শেষে কাউন্সিলর বিল্লাল প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষের সঙ্গে বসে আমরা বিষয়টি মীমাংসা করছি। ভবিষ্যতে ঝামেলা এড়াতে বৈঠক শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’