বারাকা পতেঙ্গা জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে
বারাকা পতেঙ্গা নামে একটি প্রতিষ্ঠান আগামী বছরের মার্চে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।সিলেটভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রথম বেসরকারি প্রতিষ্ঠান বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের পঞ্চম বার্ষিক সধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। এর অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে বারাকা পতেঙ্গা।নগরের একটি সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করে। সভায় কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, পরিচালক মোহাম্মদ আহসানুল কবির, আবদুল বারী, কাজী মোহাম্মদ মিয়া, তোফায়েল আহমদ ও মো. খিজির খান, কোম্পানি সচিব মনিরুল ইসলাম এবং শেয়ারহোল্ডার খয়রুল আমীন ও মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘দেশের ৬০ ভাগ মানুষ এখনো বিদ্যুৎসুবিধা থেকে বঞ্চিত।’ এ অবস্থায় তিনি চাহিদা পূরণে আরও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। গোলাম রব্বানী চৌধুরী জানান, বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস দেশে আরও বিদ্যুৎ প্রকল্প স্থাপনের চেষ্টা অব্যাহত রেখেছে।