ডিম ও এক দিনের মুরগির বাচ্চা আমদানিতে আমদানিনীতি (২০০৯-১২) আদেশ যথাযথভাবে পরিপালনের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।গত মঙ্গলবার এক পরিপত্র জারি করে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ডিম ও এক দিনের মুরগির বাচ্চা আমদানিতে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকে আনা হচ্ছে কি না, তা ভালোভাবে যাচাই করতে হবে। গত ২৮ জানুয়ারি মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল, ভারতের পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফকিরপাড়ায় বার্ড ফ্লু দেখা দিয়েছে। পোলট্রি শিল্পকে রক্ষা করার জন্য তাই সব ধরনের এক দিনের মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে। এ চিঠির এক মাস পাঁচ দিন পর কোনো দেশের নাম উল্লেখ না করে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকে আনার বিদ্যমান নীতি মেনে চলার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক চিঠি পাঠিয়ে তাঁদের জানিয়েছে, নতুনভাবে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে। সুতরাং এখন থেকে আমদানিনীতি আদেশের ২৫ (৪৫) ধারা এবং ২৫(৪৬) ধারা অনুসরণ করে এক দিনের মুরগির বাচ্চা ও ডিম আমদানি করতে হবে। প্রসঙ্গত, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে ডিমও আমদানি না করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিল। এতে বলা হয়েছিল, ইনফ্লুয়েঞ্জামুক্ত নয়—এমন দেশ থেকে ব্যবসায়ীরা ডিম আমদানি করছেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে।