বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ১০ শতাংশের ওপরই থাকল
বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ১০ শতাংশের ওপরে নিয়েই ২০১১-১২ অর্থবছর শেষ হয়েছে। এর ফলে মূল্যস্ফীতির গড় হার সাড়ে ৮ শতাংশে নামিয়ে আনার সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত বৃহস্পতিবার ২০১১-১২ অর্থবছরের মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায় যে ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ২০১২ সালের জুন শেষে মাসওয়ারি (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। আর মে মাসে তা ছিল ৯ শতাংশ।কিন্তু অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যম্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ। আর ২০১০-১১ অর্থবছর শেষে তা ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ।বিবিএস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার নতুন মহাপরিচালক গোলাম মোস্তফা মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন। এ সময় বিবিএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার প্রথমে ৭ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। তবে বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হতে থাকে। তবে শেষের কয়েক মাসে এসে মূল্যস্ফীতির হার কিছুটা নিম্নমুখী হয়।বিবিএসের মহাপরিচালক বলেন, প্রধানত চাল ও চালজাতীয় দ্রব্য ও অন্য অন্যান্য খাদ্যসামগ্রীর মূল্য হ্রাসের কারণে মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরের জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ০৮ শতাংশ। গত মে মাসে এই হার ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। গত জুন মাসে এই হার ছিল ১১ দশমিক ৭২ শতাংশ। আর মে মাসে এই হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। এদিকে গত জুন মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর বেশি মূল্যস্ফীতির চাপ ছিল। শহরাঞ্চলে এই হার ১০ দশমিক ২৯ শতাংশ। আর গ্রামে এই হার ৭ দশমিক ৮৮ শতাংশ। মূলত সীমিত আয়ের সাধারণ মানুষই উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে। তাদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যায়। বিদায়ী অর্থবছরে এই চাপ কমাতে পারেনি সরকার।এদিকে চলতি অর্থবছরে (২০১২-১৩) মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরের গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৬২ শতাংশ। আর সেখান থেকে এ বছরের গড় মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, সদ্য বিদায়ী অর্থবছরের মূল্যস্ফীতি বিবেচনায় এনে চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি নির্ধারণের লক্ষ্যমাত্রা মোটেও বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। কিন্তু বড় অর্থনীতির দেশগুলো মন্দাবস্থা কাটিয়ে উঠছে। তাই আন্তর্জাতিক বাজারে শিগগিরই পণ্যমূল্য কমবে বলে মনে করেন না তিনি। জায়েদ বখত আরও বলেন, চলতি অর্থবছরের জন্য বাজেট ঘাটতি মোকাবিলায় ইতিমধ্যে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেবে যা মুদ্রা সরবরাহ বাড়িয়ে দেবে। এটা মূল্যস্ফীতি বাড়াতে সহায়তা করবে। তবে গত অর্থবছরের সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির উচ্চ হার। গত মার্চ মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। এই হার ছিল ১৩ দশমিক ৯৬ শতাংশ। এটি এযাবৎকালের রেকর্ড বলে বিবিএস সূত্রে জানা গেছে। অথচ খাদ্যবহির্ভূত পণ্যে ৬ দশমিক ৪৬ শতাংশ হারে মূল্যস্ফীতি নিয়ে অর্থবছর শুরু হয়েছিল। আর জুন মাসে তা ১১ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে।