সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে অর্থমন্ত্রী
বার্ষিক বেতন বৃদ্ধি নির্ভর করবে মূল্যস্ফীতির ওপর

সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, মূল্যস্ফীতি কম থাকলে আগামী অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন না-ও বাড়তে পারে।
সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) কথা বলা আছে। মূল্যস্ফীতি যদি ৪ শতাংশ হয়, তাহলে কি বেতন বাড়বে না? নাকি মূল্যস্ফীতি ৬ শতাংশ হলেই বেতন বৃদ্ধির বিষয়টি দেখতে হবে? বৈঠকে এসব আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসেই নতুন একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুহিত। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের (সমন্বয় ও সংস্কার) নেতৃত্বাধীন এ কমিটি তিন মাসের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করবে। তার ভিত্তিতে করণীয় ঠিক করা হবে। তবে আমাদের লক্ষ্য হলো ২০১৮ সালের মধ্যে কিছু একটা করা।’
জানা গেছে, নয় সদস্যের এ কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ ও পরিসংখ্যান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিনিধি থাকবেন।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য স্থায়ী বেতন কমিশনের দরকার নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর যে ইনক্রিমেন্ট দেওয়া হবে, তা নির্ধারণ করতে স্থায়ী একটা সেল গঠন করা হবে। এই সেলই নির্ধারণ করবে প্রতিবছর ইনক্রিমেন্ট কীভাবে নির্ধারণ করা যায়।
অর্থমন্ত্রী বলেন, গত বেতন কমিশনের সময়ই বলা হয়েছিল যে ভবিষ্যতে আর কোনো বেতন কমিশন হবে না। তবে একটা বিকল্প পথ বের করতে হবে, যাতে মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেতনের বিষয়ে সুরাহা হয়ে যায়।
বেতন বৃদ্ধি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এক বছর হবে, এক বছর হবে না, এটা আসলে নির্ভর করবে পরিস্থিতির ওপর।’
আগামী অর্থবছরে কি তাহলে বেতন না-ও বাড়তে পারে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, না-ও বাড়তে পারে।’
সরকারি চাকরিজীবীদের আরেক দফা বেতন বাড়ছে বলে কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে ‘টোটালি ফলস’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।