বালিতে উত্তাপ নেই!

অবকাশযাপনের অঞ্চল হিসেবে খ্যাত ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ঘিরে তেমন কোনো উত্তাপ টের পাওয়া গেল না। তাতে মনে হচ্ছে, গত দুবারের জেনেভার শীতলতা সেভাবে আর কাটবে না। আর যদি শীতলতা শেষ পর্যন্ত না কাটে, তাহলে ডব্লিউটিওর যৌক্তিকতা-প্রয়োজনীয়তা নিয়ে জোরেশোরে প্রশ্ন তোলা অনেক সহজ হয়ে যাবে।
কিন্তু ডব্লিউটিওর হর্তাকর্তা এই সহজ কাজটি করতে দিতে সম্মত নন। তাঁরা বরং চাচ্ছেন, শেষমেশ একটা ইতিবাচক ফল পেতে। হোক তা অসম্পূর্ণ। তার পরও বিশ্ব বাণিজ্যের নিয়মকানুন ও বিধিবিধানকে বৈশ্বিক রূপে গ্রহণ করানোর এক যুগের চেষ্টার কিছুটা ইতিবাচক পরিণতি ঘটলে আগামী দিনগুলোয় সেটার সূত্র ধরেই এগিয়ে যাওয়া যাবে।
সম্ভবত সেই ইতিবাচক বার্তা দেওয়ার প্রথম পদক্ষেপটি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকে দৃশ্যমান হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার শুরু হতে যাওয়া চার দিনের সম্মেলনের আগে এলডিসির প্রতিনিধিরা বালি নাসুদয়া কনভেনশন সেন্টারে (বিএনডিসিসি) এক বৈঠকে মিলিত হয়েছিলেন গতকাল। উদ্দেশ্য ছিল, নিজেদের মধ্যকার মতভেদ দূর করে একটি অভিন্ন অবস্থান প্রকাশ করা।
বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান বাণিজ্যসচিব মাহবুব আহমেদ সাংবাদিকদের জানালেন একটি ‘ভালো খবর’। তিনি বলেন, ‘এলডিসিগুলো একটি অভিন্ন অবস্থান নিচ্ছে এই সম্মেলনে। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই অবস্থান তুলে ধরা হবে সম্মেলনে।’
মূলত চারটি বিষয়ে এলডিসিগুলো ঠিক যেন একমত হতে পারছিল না। কোটামুক্ত ও শুল্কমুক্ত বাজারসুবিধার ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল ও কম্বোডিয়া এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারসুবিধা পায়নি। তবে অন্য এলডিসিগুলো তা পেয়ে গেছে। এখানে আফ্রিকার দেশগুলোর আপত্তি ছিল। তাদের যুক্তি ছিল, বাংলাদেশ যদি এই সুবিধা পায়, তাহলে তারা প্রতিযোগিতায় এতটাই পিছিয়ে পড়বে যে বিদ্যমান বাজারসুবিধা আর অর্থবহ হবে না। যদিও বাংলাদেশ যেসব পণ্যে এগিয়ে আছে সেসব পণ্যে কার্যত আফ্রিকার দেশগুলোর প্রতিযোগিতা করার কোনো সুযোগ নেই। গতকালের বৈঠকে আফ্রিকার দেশগুলো সেই আপত্তি থেকে সরে এসেছে বলে জানা গেছে।
বাংলাদেশ বা কম্বোডিয়া শুধু শুল্কমুক্ত বাজারসুবিধা থেকে বঞ্চিতই নয়, বরং যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চহারে শুল্ক দিয়ে প্রবেশ করে—এই জনপ্রিয় পরিসংখ্যান তাই আবারও উল্লেখ করতে হয়। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও কম্বোডিয়ার পণ্য আমদানির গড় শুল্কহার ছিল যথাক্রমে ১৫ ও ১৬ দশমিক ৯০ শতাংশ। বাংলাদেশ থেকে ৪৯০ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে যুক্তরাষ্ট্রের কোষাগারে শুল্ক বাবদ যুক্ত হয়েছে ৭৩ কোটি দুই লাখ ডলার। একই সময়ে কম্বোডিয়া থেকে ২৭০ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে কোষাগারে জমা হয়েছে ৪৫ কোটি ২০ লাখ ডলার।
অথচ ২০১২ সালে জার্মানি ও ফ্রান্স থেকে যথাক্রমে নয় হাজার ৬৫০ কোটি ডলার ও চার হাজার ১১০ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে ১৪৮ কোটি ৭০ লাখ ডলার ও ৩৮ কোটি ৩০ লাখ ডলারের শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র।
অবশ্য এলডিসিগুলোর অভিন্ন অবস্থান প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্র তার নিজস্ব অবস্থান থেকে সরে আসার কোনো রকম আভাস দেবে না বলেই মনে করেন বিশ্লেষকেরা। ধারণা করা হচ্ছে, গরিব দেশগুলোর চাপাচাপিতে শেষ পর্যন্ত বালি সম্মেলনে একটা লোক দেখানো ঘোষণা আসতে পারে। সেটা হলো: যেসব উন্নত দেশ (মূলত যুক্তরাষ্ট্র) শতভাগ বাজারসুবিধা দেয়নি, তারা এখন থেকে প্রতিবছর ডব্লিউটিওকে আনুষ্ঠানিকভাবে জানাবে যে এই ক্ষেত্রে তারা কতদূর অগ্রগতি করেছে।
রুলস অব অরিজিন বা কাঁচামালের উৎসবিধি বিষয়েও একমত হয়েছে এলডিসিগুলো। এটি আসলে শুল্কমুক্ত বাজারসুবিধার সঙ্গেই সম্পৃক্ত। বালি সম্মেলনে একটি বৈশ্বিক উৎসবিধির সিদ্ধান্ত হতে পারে।
আফ্রিকার গরিব দেশগুলোর জন্য স্পর্শকাতর তুলাবাণিজ্য নিয়েও এলডিসিগুলো অভিন্ন অবস্থা প্রকাশ করবে। উন্নত দেশ, বিশেষত আমেরিকা, তুলায় উচ্চহারে ভর্তুকি দেওয়ায় এই দেশগুলো বহু বছর ধরে সমস্যায় রয়েছে। অসম বাণিজ্য প্রতিযোগিতার শিকার হচ্ছে। সেটা রোধ করার সম্মিলিত আহ্বান জানানোর চেষ্টা থাকবে তাদের।
এ ছাড়া সেবা খাতের বাণিজ্যে এলডিসিগুলো যে ছাড় পেয়েছে, তা বাস্তবায়ন নিয়েও কিছু মতভেদ আছে দেশগুলোর মধ্যে। বালিতে অবশ্য সেই মতভেদ তুলে ধরতে চায় না তারা।
আজ মঙ্গলবার ১৪৯ দেশের বাণিজ্যমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী সুসিলো বামবাং ইউধোইয়োনো। অন্যদিকে বিশ্বায়নবিরোধী বিভিন্ন এনজিও ও নাগরিক সমাজের সংগঠন কিছু প্রতিবাদ কর্মসূচি আয়োজনের চেষ্টা করছে। তবে কানকুন বা হংকংয়ের মতো ব্যাপকভাবে উত্তাপ-উত্তেজনা ছড়ানো যে সম্ভব হবে না, তা প্রায় নিশ্চিত।