বাল্ক পণ্য খালাসে আয়ুহীন পুরোনো যন্ত্রপাতিই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে একটি জাহাজ থেকে প্রায় ১৪ হাজার টন গম খালাস করতে তিন-চার দিন সময় লাগার কথা। কিন্তু এমভি নিকি টি থেকে সরকারের আমদানি করা গম খালাস করতে লেগেছে ১৭ দিন। ১৩ হাজার ৮০০ টন গম খালাস করে জাহাজটি ৯ এপ্রিল বন্দর ছেড়ে যায়।বন্দর জেটিতে এখন গমবাহী তিনটি জাহাজ আছে। এর মধ্যে ৫৩ হাজার ৩০৭ টন গমবাহী এমভি ইমারলড স্টার, সাড়ে ৩৭ হাজার টন গমবাহী ভিল আটলান্টিক এবং সাড়ে ৫০ হাজার টন গমবাহী আইডিসি পার্ল রয়েছে। এগুলো থেকেও খালাসে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে।বন্দর জেটি ঘুরে দেখা গেছে, আমদানির খোলা (বাল্ক) গম প্রথমে টিনের বাক্স দিয়ে বস্তায় ভরছেন শ্রমিকেরা। আরেক দল শ্রমিক সেই বস্তা সেলাই করছেন। জাহাজ ও বন্দরের শোর ক্রেনে তুলে দিচ্ছেন আরেক দল শ্রমিক। সবশেষে ক্রেন থেকে ট্রাকে বোঝাই করা হচ্ছে। এই চার ধাপের মধ্যে তিনটি ধাপের কাজই হয়েছে শ্রমিকের মাধ্যমে। অথচ বিশ্বের আধুনিক যেকোনো বন্দরে গম খালাস করা হয় স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে।বন্দরের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে বন্দর জেটিতে যখন শোর ক্রেন বসানো হয়, তখনো কনটেইনারে পণ্য পরিবহনের সুযোগ ছিল না। তখন জাহাজে করে বাল্ক আকারে সীমিত পরিমাণে পণ্য আমদানি হতো। ফলে, ক্রেন নির্বাচন করা হয়েছিল সর্বোচ্চ এক থেকে তিন টন ভার উত্তোলনক্ষমতার। পরে ১৯৭৮ সালে আরও কিছু ক্রেন বসানো হয়। এসব ক্রেনের আয়ুষ্কাল সর্বোচ্চ ২০ বছর ধরা হয়। আয়ু শেষ হওয়ায় এসব ক্রেন এখন উত্তোলনক্ষমতার অর্ধেক ভারও নিতে পারছে না।বন্দর সূত্রে বলা হয়, প্রতিষ্ঠার পর গতকাল সোমবার ১২৪ বছর পূর্ণ করছে চট্টগ্রাম বন্দর। আজ মঙ্গলবার থেকে দেশের প্রধান এ সমুদ্রবন্দর ১২৫ বছরে পা রাখছে। দীর্ঘ এ সময়ে বাল্ক পণ্য খালাসের আধুনিক পদ্ধতি সংযোজন করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। ফলে, পুরোনো পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করে ভোগ্যপণ্য খালাসে বেশি সময় লাগছে।গমের নিয়মিত একজন আমদানিকারক প্রথম আলোকে বলেন, ৫০ হাজার টন খাদ্যশস্যবাহী একটি জাহাজের খালাসের জন্য বহির্নোঙর ও জেটিতে গড়ে এক মাস সময় লাগছে। এতে পণ্য আমদানি-ব্যয় ও জাহাজের খরচ বেড়ে যাচ্ছে। বিশেষায়িত জেটির সুবিধা থাকলে ৭-১০ দিনের মধ্যে ভোগ্যপণ্য খালাস করে জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার সুযোগ ছিল বলে তাঁরা জানান।জানতে চাইলে বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাল্ক ও ব্রেক বাল্ক কার্গো খালাসের অনেক যন্ত্রপাতি কেনা হচ্ছে। যেসব যন্ত্রপাতি আমাদের আয় বাড়াবে, কেনার ক্ষেত্রে আমরা সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছি।’বন্দরের তথ্য থেকে জানা গেছে, বন্দরে যত পণ্য ওঠানো-নামানো হয়, এর দুই-তৃতীয়াংশ হচ্ছে কনটেইনারবিহীন পণ্য। ২০১০ সালে চট্টগ্রাম বন্দরে যত পণ্য আমদানি-রপ্তানি হয়েছে, এর মধ্যে সাড়ে ৭১ শতাংশ পণ্যই কনটেইনার ছাড়া খোলা ও বস্তাবন্দী আকারে পরিবহন হয়। পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত বছর মোট চার কোটি ১১ লাখ ৮২ হাজার টন পণ্যের মধ্যে বাল্ক ও ব্রেক বাল্ক পণ্য ওঠানো-নামানো হয় দুই কোটি ৯৪ লাখ ৫৪ হাজার টন।চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, গত এক দশকে বন্দরের যত উন্নয়ন হয়েছে, সবই কনটেইনার পরিবহনকেন্দ্রিক। কনটেইনার ওঠানো-নামানোয় গ্যান্ট্রি ক্রেন ছাড়াও কনটেইনার ব্যবস্থাপনায়ও চালু হচ্ছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতি—কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস)। কিন্তু বাল্ক পণ্যের জন্য বিশেষায়িত জেটি তৈরি হয়নি। ফলে, কনটেইনার জাহাজের পণ্য ওঠানো-নামানোর সূচকে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।জানা গেছে, খাদ্য বিভাগের একটি সাইলো জেটি আছে। কিন্তু আমদানি করা খাদ্যশস্যের সামান্যই এই বিশেষায়িত জেটিতে নামানোর সুযোগ আছে। ফলে, বাধ্য হয়ে আমদানিকারকদের খাদ্যশস্য খালাসে জেটি ও বহির্নোঙরে বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।