বাস্তবসম্মতভাবে এলপিজির দাম ধার্য করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ কুমার সেন

প্রশ্ন :

একসময় প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যাবে। এই গ্যাসের নতুন সংযোগ প্রদান বন্ধ। অন্যদিকে এলপিজির চাহিদা বাড়ছে। পাঁচ বছর পর দেশে এটির চাহিদা কেমন হবে?

অনুপ কুমার সেন: ২০১৪ সালের পর এলপিজির ব্যবহার বাড়তে থাকে। ২০১৬ সাল থেকে এই গ্যাসের বাজার শতভাগ বেড়েছে। মাঝে একটু চাহিদা কমলেও এখন আবার চাহিদা বাড়ছে। আমাদের ধারণা, ২০২৫ সালের মধ্যে এলপিজির বার্ষিক চাহিদা ৩০ লাখ টনে পৌঁছাবে, যা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ। এলপিজি কোম্পানিগুলো থেকে সরকার প্রতি মাসে বড় অঙ্কের রাজস্ব পাচ্ছে। তবে এখনো প্রাকৃতিক গ্যাসের অনেক অবৈধ সংযোগ রয়েছে। সেগুলো বিচ্ছিন্ন করলে এলপিজির চাহিদা অনেক বেড়ে যাবে। অবৈধ সংযোগের কারণে দ্রুত প্রাকৃতিক গ্যাস ফুরাচ্ছে, সরকারও রাজস্ব পাচ্ছে না। তাই অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রশ্ন :

সামগ্রিকভাবে ব্যবসা কেমন যাচ্ছে?

অনুপ কুমার সেন: প্রতিবছর দু-চারটি নতুন কোম্পানি বাজারে আসছে। ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় প্রতিটি ১২ কেজির সিলিন্ডার উৎপাদনের খরচ ১ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৭০০ টাকা হয়েছে। এলপিজি কোম্পানিগুলোকে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হয়। তারা বর্তমানে ১২ কেজির সিলিন্ডার পরিবেশকদের কাছে মাত্র ৭০০-৮০০ টাকায় বিক্রি করছে। তারপরও তারা আশানুরূপ বিক্রি ও ব্যাংকের ঋণ সময়মতো পরিশোধ করতে পারছে না। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় অনেক কম দামে এলপিজি (গ্যাস রিফিল) বিক্রি করতে হয়। তাতে কোম্পানিগুলো মুনাফা করতে পারছে না। ইস্পাতের দাম বেশি হওয়ায় অনেক অসাধু ব্যবসায়ী গ্যাসের সিলিন্ডার স্ক্র্যাপ আকারে বিক্রি করে দিচ্ছে। এতে কোম্পানিগুলোও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা প্রয়োজন।

প্রশ্ন :

এলপিজি ব্যবহারে নিরাপত্তার ঘাটতি কোথায়?

অনুপ কুমার সেন: বেশির ভাগ কোম্পানি নিরাপত্তার ব্যাপারে সচেতন। আমরা সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গ্রাহককে এলপিজি ব্যবহারের নির্দেশিকা দিয়ে থাকি। আমরা নিজস্ব উদ্যোগে সারা বছর গ্রাহক পর্যায়ে এলপিজি নিরাপত্তা কর্মশালা ও বার্নার সার্ভিসিং কার্যক্রমও পরিচালনা করি। গ্রাহকের কাছ থেকে যখন খালি সিলিন্ডার আমাদের ফ্যাক্টরিতে রিফিলিংয়ের জন্য আসে, তখন প্রতিটি সিলিন্ডারের ভালভ, বডিসহ অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস ভর্তি করা হয়। সুতরাং এলপিজি ব্যবহারে নিরাপত্তার ঘাটতি নেই বললেই চলে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য অবৈধভাবে গ্যাস রিফিল করে। ফলে দুটি দুর্ঘটনার শঙ্কা থাকে। গ্রাহকেরা কোম্পানির সিলযুক্ত সিলিন্ডার কিনলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

প্রশ্ন :

এলপিজি ব্যবসা টেকসই করতে আপনার পরামর্শ কী?

অনুপ কুমার সেন: প্রতি মাসে বিইআরসি এলপিজির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিচ্ছে। তবে সেটি কোম্পানিগুলোর বিনিয়োগ ও অন্যান্য খরচের সঙ্গে সমন্বয় করে হচ্ছে না। সে ক্ষেত্রে বিইআরসিকে বাস্তবসম্মতভাবে মূল্য সমন্বয় করার উদ্যোগ নিতে হবে। বর্তমানে কোম্পানিগুলো লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাই ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছে না।