বাস্তবায়নে সমস্যা সব সময়ই থাকে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বাস্তবায়নের সমস্যা সব সময়ই থাকে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শুধু এবারেরটি নয়, তাঁর সব বাজেটই নির্বাচনী বাজেট। আর এ বাজেট বাস্তবায়নে সমস্যা থাকাটাই স্বাভাবিক।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট-উত্তর আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস, বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবির, ইআরএফের সাবেক সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছি, আমার সব বাজেটই নির্বাচনী বাজেট। এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। আর বাজেট বাস্তবায়নের সমস্যা যেমন থাকে, থাকে অর্জনও। এবারের বাজেট বক্তৃতায় ব্যর্থতাগুলোর কথাও আমি বলেছি।’
করপোরেট কর অনেক বেশি স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, এই সময়ে এটা কমানোর কোনো সম্ভাবনা নেই।
আগামীবারের জন্য বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায়ে সন্দিহান মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতার অভাবেই তা আদায় হওয়া সহজ নয়।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসানের বিষয়টি বাজেটে স্পষ্টভাবে আসেনি বলেও মন্তব্য করেন মির্জ্জা আজিজ।
তবে লোকসান বিষয়ে মির্জ্জা আজিজের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তাঁর বক্তব্যে খুশি হতে পারলাম না। বুঝতে হবে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মূলত সেবা খাতের। আর আমরা যে বাজেট দিই, তা হলো রাজস্ব বাজেট, মূলধন বাজেট নয়। ওই বিবেচনায় বাজেটের আকার তিন লাখ কোটি টাকার বেশি।’

অ্যামটবের মহাসচিব টি আই এম নূরুল কবির মোবাইল ফোনের সিমের ওপর কর সম্পূর্ণ প্রত্যাহার এবং আন্তর্জাতিক হিসাব পদ্ধতি অনুসরণ করে স্পেকট্রাম তরঙ্গের ফি অন্য দেশে যেভাবে নেওয়া হয়, সেভাবে তা নেওয়ার দাবি জানান।

সিমের ওপর কর-হার অর্ধেক কমানোর কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তবে স্পেকট্রাম ফি নিয়ে তিনি কিছু বলেননি।

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন না হওয়া প্রসঙ্গে মুহিত বলেন, ‘আমরাই বিশ্বব্যাংককে না করে দিয়েছি।’

ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দীনের সঞ্চালনায় বাজেট আলোচনায় ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি।