বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ: এমসিসিআই
অর্থায়ন ও বাস্তবায়নকে আগামী ২০১০-১১ অর্থবছরের বাজেটের দুই মূল চ্যালেঞ্জ বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।এমসিসিআইয়ের সভাপতি এম আনিস উদ দৌলা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করেছে। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে স্থানীয় চাহিদা বৃদ্ধি, কিছু দেশীয় শিল্পের যথাযথ সুরক্ষা এবং জনসাধারণের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশে বিস্তৃত সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও সম্প্রসারণের জন্য এই বাজেট প্রণীত হয়েছে বলে মনে করে এমসিসিআই।সংগঠনটি বিদ্যুৎ ও জ্বালানি খাত, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, মানবসম্পদ উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোয় সরকারকে সাধুবাদ দিয়েছে।তবে চেম্বার মনে করে, মানবসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দ্রুত উন্নয়নের জন্য সরকারের বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি খুবই প্রয়োজনীয়। দেশের মূল্যবান সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে জাতীয় কয়লানীতি জরুরিভাবে ঘোষণা করা প্রয়োজন।এমসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভৌত ও সামাজিক অবকাঠামোতে প্রস্তাবিত বিনিয়োগ জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে এবং অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।বিদ্যুৎ ও জ্বালানি খাতে ছয় হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দকে সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ উল্লেখ করে চেম্বার আরও বলেছে, চুক্তি সই হওয়ার পরও বিভিন্ন কারণে বিদ্যুতের উত্পাদন বিলম্বিত হওয়ার বিষয়টি বাজেটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ফলে এ প্রতিবন্ধকতা দ্রুত নিরসন করা প্রয়োজন।কৃষি খাতে চার হাজার কোটি টাকার ভর্তুকি এবং পিপিপি খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ প্রশংসনীয় পদক্ষেপ হলেও সুস্পষ্ট নীতিমালার অভাবে বাস্তবায়ন বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছে এমসিসিআই।তবে মেট্রো চেম্বার মনে করে, বাজেটে জিডিপি, আমদানি, রপ্তানি, প্রবাসী-আয় এবং বিনিয়োগে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হলেও আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, সে বিষয়ে বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।এমসিসিআই দেশের উন্নয়নশীল পুঁজিবাজারের পরিপ্রেক্ষিতে শেয়ার ব্যবসার মাধ্যমে অর্জিত কোম্পানির আয়ের ওপর কর আরোপকে অপরিণত ও উত্পাদনবিমুখ বলেছে। উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে মূলধনি লাভের ওপর প্রস্তাবিত করকে বলেছে বৈষম্যমূলক। শেয়ারের প্রিমিয়াম মূল্যের ওপর আরোপিত কর কার্যত পুঁজি বৃদ্ধির ওপর, লাভের ওপর নয় এবং এই পদক্ষেপ পুঁজি ও উত্পাদনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলেও মনে করে এমসিসিআই।মূসক নিবন্ধন ও আয়কর বিবরণী অনলাইনে দাখিলের পদ্ধতি চালু করার উদ্যোগ এবং মূসক আইন ও বিধি এবং মূল্য ঘোষণা পদ্ধতি সরলীকরণকে এমসিসিআই স্বাগত জানিয়েছে। মূল্য সংযোজন ঘটে না এমন অর্থনৈতিক কার্যক্রমে (যেমন বাণিজ্যিক স্থানের ভাড়ার ওপরে) মূসক আরোপকে একটি ভুল ও অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে এমসিসিআই। কেননা এটি ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি করবে।তবে ট্যাক্স রিফর্ম কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেটে কর কাঠামোকে যৌক্তিকীকরণ করা হয়নি বলে এমসিসিআই দুঃখ প্রকাশ করেছে।মন্দায় ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতে দুই হাজার কোটি টাকার প্রণোদনা গুচ্ছ, ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমানোর সরকারি পদক্ষেপ এবং কোম্পানি আইনকে পুনর্বিবেচনা ও সংশোধনে বাজেট প্রস্তাবকে চেম্বার স্বাগত জানিয়েছে।