অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র ঘোষিত বাংলাদেশের জন্য ১৫ দফা কর্মপরিকল্পনার ১৩টি বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। গত ২৭ জুন বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। অবশ্য জিএসপি ফিরে পেতে তৈরি পোশাক খাতে শ্রম-অধিকারবিষয়ক ১৫টি পদক্ষেপ নিতে একটি কর্মপরিকল্পনা গত জুলাইয়ে বাংলাদেশকে তৈরি করে দেয় বাংলাদেশি পোশাকের প্রধান আমদানিকারক এ দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) আগামী নভেম্বর-ডিসেম্বরে ওই কর্মপরিকল্পনা পর্যালোচনা করবে। এরই মধ্যে কর্মপরিকল্পনা অনুযায়ী কী কাজ হয়েছে বা কী এখনো হয়নি—সেসব তথ্য ইউএসটিআরকে জানাতে হবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে। তারই অংশ হিসেবে গতকাল রোববার ‘যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পুনর্বহালের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়।
বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।’ ইউএসটিআরের কর্মপরিকল্পনার অন্যতম হলো শ্রম, অগ্নি ও ভবনসংশ্লিষ্ট পরিদর্শক নিয়োগ এবং স্বাধীন ও নিরপেক্ষ পরিদর্শন পদ্ধতি প্রতিষ্ঠা। বাস্তবে এখন পর্যন্ত পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে চারজন। ৭২ জনের নিয়োগ প্রক্রিয়াধীন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করার প্রস্তাব অনুমোদন হয়েছে। পরিদর্শক বৃদ্ধিসহ ফায়ার সার্ভিসের নতুন কাঠামো তৈরির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সিডিএর পরিদর্শক বৃদ্ধির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে এলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ সেন্টার ফর উইমেন সলিডারিটি এবং সোশ্যাল অ্যাকটিভিটিজ ফর দ্য এনভায়রনমেন্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। শিল্প পুলিশদের শ্রম বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইপিজেডে শ্রম আইন বাস্তবায়নে একটি কমিটি কাজ করছে।
তথ্যভান্ডার ও অভিযোগ কেন্দ্র গঠন নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।
তবে শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ঢাকা জেলা প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বাবুল আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকারের ইউএসটিআরকে জানিয়েছে যে আমার ও কল্পনা আক্তারের মামলা প্রত্যাহার হয়ে গেছে। বাস্তবে মামলা এখনো ঝুলছে। সরকারের বোঝা উচিত যে সত্যতা যাচাইয়ের জন্য ইউএসটিআর যখন আমাদের কাছে জানতে চায়, তখন আমরা সত্যি কথাটাই বলি। ’
তবে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ এ বিষয়ে বলেন, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। কল্পনা আক্তার ও বাবুল আক্তারের মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আগামী ২৯ অক্টোবর একটি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই দিনই তা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা।
আমিনুল ইসলাম হত্যার বিষয়ে সন্দেভাজন আসামি মুস্তাফিজকে ধরতে দুবার পুরস্কার ঘোষণাসহ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং মুস্তাফিজের সম্পত্তি ক্রোক করা হয়েছে। এটাকে অগ্রগতি হিসেবে দেখাচ্ছে সরকার।