বাহরাইনে গ্রামীণ ব্যাংকের আদলে ফ্যামিলি ব্যাংক
বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের আদলে মধ্যপ্রাচ্যের বাহরাইনে ‘ফ্যামিলি ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এবং বাহরাইনের রয়েল চ্যারিটিজ অর্গানাইজেশনসের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান যুবরাজ শেখ নাসের বিন হামাদ আল খলিফা সম্প্রতি যৌথভাবে এ ব্যাংকের উদ্বোধন করেন।গ্রামীণ ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ক্ষুদ্রঋণ ব্যাংক হিসেবে ফ্যামিলি ব্যাংক লাইসেন্স পায়।এ উপলক্ষে বাহরাইনের গালফ হোটেলের কনভেনশন হলে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেই দেশের সামাজিক উন্নয়ন মন্ত্রী ফাতিমা আল বালোশি।ফ্যামিলি ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের অনুকরণে কোনোরকম জামানত ছাড়াই সেই দেশের দরিদ্র পরিবারগুলোর মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষুদ্রঋণ বিতরণের লক্ষ্যে ফ্যামিলি ব্যাংক গঠন করতে গ্রামীণ ট্রাস্ট ২০০৭ সাল থেকে বাহরাইন সরকারের সঙ্গে কাজ করে আসছে। ওই বছরের ফেব্রুয়ারিতে মুহাম্মদ ইউনূসের বাহরাইন সফরকালে বাংলাদেশের গ্রামীণ ট্রাস্ট ও সেই দেশের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফ্যামিলি ব্যাংকের গ্রামীণ তথা ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য গ্রামীণ ট্রাস্ট একজন বাংলাদেশি নাগরিককে প্রেষণে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত করে।তিন বছরের মধ্যে ফ্যামিলি ব্যাংক সাড়ে চার হাজার গ্রহীতাকে ক্ষুদ্রঋণ দেওয়ার পরিকল্পনা করছে। একেবারে দরিদ্র পরিবার ও বেকার যুবকদের এ ঋণ দেওয়া হবে। যেসব গ্রহীতা প্রথমবারের মতো ঋণ চাইবেন তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ১২৫ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ।ফ্যামিলি ব্যাংকের পরিশোধিত মূলধন হচ্ছে তিন কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার, আর অনুমোদিত মূলধন তিন কোটি ৭৫ লাখ ডলার। বাহরাইনের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ও রয়েল চ্যারিটি অর্গানাইজেশন ফ্যামিলি ব্যাংকের ৬৩ শতাংশ শেয়ারের মালিক। এর অন্যান্য শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে আহলি ইউনাইটেড ব্যাংক, কুয়েত ফিন্যান্স হাউস, ব্যাংক অব বাহরাইন অ্যান্ড কুয়েত এবং ইথমার ব্যাংক।বাংলাদেশের গ্রামীণ ট্রাস্ট হচ্ছে ফ্যামিলি ব্যাংকের বাস্তবায়ন অংশীদার এবং ব্যাংকটি পরিচালনা পর্ষদের সদস্য।