বাহরাইনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের পণ্য
বাহরাইনের বহুজাতিক কোম্পানি রকার্স এজেন্সিস বাংলাদেশের ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, মোটরসাইকেল ও মোবাইল ফোনসেট আমদানি করবে।আগামী দুই বছরে প্রায় এক কোটি মার্কিন ডলারের ওয়ালটন পণ্য আমদানির ব্যাপারে কোম্পানিটি একটি সমঝোতা চুক্তি সই করেছে।ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) গতকাল শনিবার চুক্তিটি হয়েছে।রকার্স এজেন্সিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী এ হামেদ আল শেখ ও ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন প্রধান লোকমান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। বাহরাইনে এর আগেও অবশ্য ওয়ালটনের পণ্য বাজারজাত হয়েছে। তবে তা যেত সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। এবার সরাসরি বাংলাদেশ থেকেই যাবে। লোকমান হোসেন বলেন, রকার্স এজেন্সিসের কর্মকর্তারা ওয়ালটন সম্পর্কে একটি ইতিবাচক ধারণা নিয়েই বাংলাদেশে এসেছিলেন। তাঁরা বাণিজ্য মেলায় ওয়ালটনের পণ্যের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের আগ্রহেই অনেকটা তাড়াহুড়া করে সমঝোতা চুক্তিটি হলো। বাহরাইনের কোম্পানিটি ওয়ালটন পণ্যের পাশাপাশি তৈরি পোশাক আমদানির ব্যাপারেও আগ্রহী বলে লোকমান হোসেন উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।