বাহারি আইসক্রিমের টানে

ছোট্ট নিনা রূপসী বাংলা হোটেলে এসেছে দাদি ও বাবা-মায়ের সঙ্গে। এসেছে ইগলু আইসক্রিম উৎসবে৷ আড়াই বছর বয়সী হওয়ায় মেলায় প্রবেশের জন্য টিকিট কিনতে হয়নি৷ বাহারি রঙের নানা স্বাদের আইসক্রিম চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে বাকবাকুম নিনা৷
আর এসব আইসক্রিমের পসরা নিয়ে রূপসী বাংলা হোটেলে বসেছে ইগলু আইসক্রিম উৎসব। বড় বড় ছয়টি পারলারে রয়েছে হরেক রকম আইসক্রিম। একবার ৫০০ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে যত খুশি তত আইসক্রিম খাওয়া যাবে।
বাংলাদেশে আইসক্রিমের বাজার বড় হচ্ছে৷ আর এই বাজারের প্রায় এক-চতুর্থাংশ আবদুল মোনেমের ইগলু ব্র্যান্ডের দখলে৷ বাজার ধরে রাখতে ও বাড়াতে উৎসবের আয়োজন করেছে ইগলু৷ শীর্ষ আরও দুটি ব্র্যান্ড হলো ঢাকা আইসক্রিমের পোলার ও কোয়ালটি ফুডসের কোয়ালিটি৷ বাসকিন রবিনস ও মুনেপিকের মতো খ্যাতনামা বৈশ্বিক ব্র্যান্ডের আইসক্রিমও এখন বাংলাদেশে এসেছে৷
এখন দেশে আইসক্রিম বাজারের আয়তন আনুমানিক ৯০০ কোটি টাকা৷ দুই বছর আগে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ তাদের এক প্রতিবেদনে বলেছিল যে দেশের আইসক্রিমের ৬৫০ কোটি টাকার বাজার রয়েছে, যার ৮৫ শতাংশ রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিমের দখলে৷
ইগলুর উৎসবে আইসক্রিমের স্বাদ নিতে সবচেয়ে বেশি ভিড় জমিয়েছে কম বয়সী ছেলেমেয়েরা৷ গতকাল বুধবার দুপুরে গিয়ে এমন দৃশ্যই দেখা গেল৷
উৎসবে পারলারগুলোর মোটা কাচের ভেতরে সাজানো হয়েছে বিভিন্ন স্বাদের আইসক্রিম। ভ্যানিলা ফাস্ট, ব্লাকফরেস্ট, ম্যাঙ্গো মারভেল, স্ট্রবেরি, চকলেটসহ অন্তত ১০টি বিভিন্ন স্বাদের আইসক্রিম রাখা হয়েছে৷
উৎসবে সপরিবারে এসেছে মৌমিতা হক। বাবা, মা ও ছোট্ট ভাইয়ের সঙ্গে। মৌমিতা বলল, ‘বাবা-মা আইসক্রিম খেতে পারে না, আমি একাই ১০ স্কুপ আইসক্রিম খেয়েছি।’
প্রতিদিন বেলা ১১টায় খোলা হয় উৎসবের ফটক৷ একবার প্রবেশ করে থাকা যাবে রাত নয়টা পর্যন্ত। সে উদ্দেশ্য নিয়ে বন্ধুরা মিলে এসেছেন কবির রায়হান। ১০ জনের দল। সবাই আইসক্রিম খেতে আর ছবি তোলায় ব্যস্ত। সেলফি তুলে তাৎক্ষণিক দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২১ মে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ মে পর্যন্ত৷
উৎসবের আয়োজক আবদুল মোনেম লিমিটেডের ব্র্যান্ড নির্বাহী আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১০ থেকে ১২ রকমের স্বাদের আইসক্রিম পাওয়া যাচ্ছে। উৎসব উপলক্ষে প্রতিদিনই মেলায় আনা হচ্ছে একটি করে নতুন স্বাদের আইসক্রিম। প্রতিদিন গড়ে ৮০০ জন মানুষ আসছে। বাণিজ্যিকভাবে ক্রেতার স্বাদের ধরনটাও আমরা জানতে পারি এ আয়োজনের মাধ্যমে।’
আশরাফুল আরও জানান, আগামী ৫ জুন থেকে চট্টগ্রামের আগ্রাবাদে ও পরবর্তীতে সারা দেশে অনুষ্ঠিত হবে এ উৎসব।
রূপসী বাংলা হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ কর্মকর্তা সেলিম কবির প্রথম আলোকে বলেন, উৎসবে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেমন উচ্চতা অনুযায়ী প্রবেশমূল্য ধরা হচ্ছে।