
রাজধানী ঢাকায় শুরু হয়েছে জাতীয় ফার্নিচার মেলা। এ মেলায় গৃহস্থালির খাট, খাবার টেবিল-চেয়ার, সোফাসহ নানা বাহারি আসবাব পাওয়া যাচ্ছে। আবার অফিস আসবাবও মিলছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ মেলা শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। মেলার প্রথম দিনেই ক্রেতা-দর্শনার্থীদের বেশ ভিড় ছিল।
ফার্নিচার শিল্প মালিক সমিতির সহায়তায় ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি) এ মেলার আয়োজন করেছে। এটি ১৩তম জাতীয় ফার্নিচার মেলা। এবারের মেলায় দেশের ২৬টি আসবাব উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। কোনো প্রবেশমূল্য নেই।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি স্টলেই দৃষ্টিনন্দন আসবাবের সমারোহ। ক্রেতা-দর্শনার্থীরা স্টল ঘুরে ঘুরে দেখছেন। অনেকেই কিনছেন। আর মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে চলছে ৫ থেকে ১০ শতাংশ ছাড়।
ব্রাদার্স ফার্নিচারের স্টলে খাট, আলমারি, ডাইনিং টেবিল, সোফা—সবই আছে। খাট কিনতে হলে বাজেট ৩০ হাজার টাকার বেশি হতে হবে। ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যেই মিলবে আলমারি। এক সেট সোফার দাম ৮০ হাজার থেকে ১ লাখ ১৫ টাকা। এসব পণ্যের দামের ওপর ৫ শতাংশ ছাড় দিচ্ছে ব্রাদার্স ফার্নিচার।
ব্রাদার্স ফার্নিচারের নির্বাহী রিয়াজ শাহেদ বলেন, মেলা উপলক্ষে নতুন নকশার সব পণ্য উঠিয়েছে ব্রাদার্স। ব্রাদার্সের আসবাব বেশ ভালো।
আখতার ফার্নিচারস লিমিটেডের স্টলে শুধু অফিস আসবাব পাওয়া যাচ্ছে। চেয়ারের দাম ৬ থেকে ৪৫ হাজার টাকা। টেবিল পাওয়া যাচ্ছে সাড়ে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যেই। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
নাদিয়া, হাতিল, রিগ্যাল ও পারটেক্সের মতো স্বনামখ্যাত প্রতিষ্ঠানের স্টলও আছে মেলায়। এসব প্রতিষ্ঠানের স্টলে চেয়ার-টেবিল, খাট, সোফাসহ সব ধরনের আসবাব পাওয়া যাচ্ছে।
গতকাল বিকেলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ফার্নিচার মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকার কথা ছিল। তিনি মুঠোফোনে বক্তব্য দেন। তিনি বলেন, আসবাবশিল্পের বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতান, ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আকতারুজ্জামান, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব ইলিয়াস সরকার প্রমুখ।