
বাঙালি নারী সব সময় গয়নায় সাজতে ভালোবাসে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গয়নার স্টল ও দোকানগুলোয় তারই প্রতিফলন দেখা গেল। এসব স্টলে যেমন নারীদের ভিড়, তেমনি ক্রেতাদের আকৃষ্ট করতে জোর চেষ্টা রয়েছে দোকানিদের।
মেলায় নারী-পুরুষ নানা রকমের গয়না কিনছেন। এমন একজন রোকেয়া রায়হান পেশায় আইনজীবী। তিনি জানান, যেকোনো রঙের পোশাকের সঙ্গেই গলায় মালা মানিয়ে যায়। মেলায় নতুন ধরনের গয়না পাওয়া যায়, সে জন্য প্রতিবার মেলায় গয়নার দোকানে আসা চাই। তিনি আরও জানালেন যে মেলায় সুন্দর মালা কিনেছেন আর মেয়ের জন্য চুলের ক্লিপ।
চুলের কাঁটা ও স্টোনের চেইন এবারের মেলার অন্যতম আকর্ষণ। কোরিয়ার দোকান ইনার কালেকশনের বিক্রেতা হিরণ মিয়া এই তথ্য জানালেন। তিনি আরও বলেন, মেলায় পাথর বা স্টোন বসানো চুলের কাঁটা মেয়েরা বেশি কিনছে। আর এই কাঁটা পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৪০০ টাকা দামে। এ ছাড়া স্টোনের নূপুর, হাতের ব্রেসলেট বেচাকেনাও হচ্ছে বেশ।
কানের দুলের সঙ্গে মালা কিনেছেন মিরপুর থেকে আসা আফজাল হোসেন। তিনি জানালেন, তাঁর স্ত্রীর প্রিয় গয়না পুঁতির
মালা, সঙ্গে ছোট্ট একটা কানের দুল। এটা তিনি কিনেছেন কেজি স্টল থেকে। যার দাম দিতে হয়েছে ৫৫০ টাকা।
জমকালো সালোয়ার-কামিজ এবং ফতুয়ার সঙ্গে রুপার বড় দুল বর্তমানে তরুণীদের অন্যতম আকর্ষণ। মেলায় রুপার গয়না ও অ্যান্টিকের গয়নার দোকানেও রয়েছে বেশ ভিড়।
সেই সঙ্গে সিটি গোল্ডের চুড়ি আর কানের দুলের চাহিদাও রয়েছে। মেলায় নিহার ফ্যাশন থেকে দুই ডজন সিটি গোল্ডের চুড়ি কিনেছেন মিথিলা রহমান। তিনি বলেন, এই গয়না সব শাড়ির সঙ্গে মানিয়ে যায় আর ঘরের কাজ করলেও এই চুড়ির রং জ্বলে যায় না।
মেলায় কাঠের ও বাঁশের তৈরি কিছু গয়না পাওয়া যাচ্ছে।
মেয়েদের পাশাপাশি মেলায় ছেলেদের জন্য হাতের আংটি, ব্রেসলেট ও কানের দুল পাওয়া যাচ্ছে সব গয়নার দোকানে। সময়ের সঙ্গে সঙ্গে আঙুলে বড় পাথরের আংটি পছন্দ করে কিনছেন ছেলেরা। মেয়েদের কানের বড় বড় দুলের দিকে আকর্ষণ বেশি লক্ষ করা যায়।
নানা রঙের প্লাস্টিকের ক্লিপ পাওয়া যাচ্ছে ছোট চুলের জন্য। ছোট-বড় সবাই পছন্দেরটা বেছে নিচ্ছেন। প্রতিটা ক্লিপ পাওয়া যাচ্ছে ২০ থেকে ৭০ টাকায়।
এবারের বাণিজ্য মেলায় ৯৬টি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি প্যাভিলিয়ন, ৩১৬টি স্টল, ১০টি রেস্তোরাঁর ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক ও সিঙ্গাপুর। মেলায় ২৮টি বিদেশি স্টল ও প্যাভিলিয়ন আছে।
মাসব্যাপী বাণিজ্য মেলা ১১ ফেব্রুয়ারি শেষ হবে।