বাহারি পাটপণ্য নজর কেড়েছে, বিক্রিও বেশ

ধীরে হলেও পুরোনো ঐতিহ্য ফিরে আসছে। সাধারণের মাঝে পাটপণ্যের জনপ্রিয়তা বাড়ছে। আর এসব পণ্য আগের চেয়ে বেশি বৈচিত্র্যময়, যা আকর্ষণের দিক থেকে সমসাময়িক অন্যান্য উপকরণের চেয়ে কোনো অংশে কম নয়। ফলে ক্রেতাদের নজর কাড়ছে পাটজাত পণ্য।
রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবছরের মতো এবারও পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে একটি জায়গা করে দিয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। সরকারি এই প্রতিষ্ঠানের প্যাভিলিয়নে আছে ২১টি ছোট প্রতিষ্ঠানের স্টল। আর এখানে ঢুঁ দিলে পাটপণ্য নিয়ে ওপরের কথাগুলো যে কারও কাছেই যথার্থ মনে হবে।
প্যাভিলিয়নে ঢুকতে চোখে পড়বে আরজে ক্রাফট লিমিটেডের গোছানো স্টল। এখানে পাওয়া যাবে বিভিন্ন ডিজাইনের পাটের হাতব্যাগ, ল্যাপটপ, শপিং ও লেডিস ব্যাগ। সব মিলিয়ে ৬০ ধরনের পণ্য তৈরি করে প্রতিষ্ঠানটি। আর এগুলো মাত্র ৬০ থেকে ৯০০ টাকার মধ্যেই কেনা যাবে।
আরজে ক্রাফটের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম জানান, স্পেন থেকে পড়াশোনা শেষ করে দুই ভাই রবিউল আলম ও মতিউল আলমকে সঙ্গে নিয়ে গত বছরের জুনে পাটজাত পণ্য তৈরির এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। জেডিপিসির নিবন্ধন নেন গত নভেম্বরে। তাঁদের কারখানা ঠাকুরগাঁওয়ে। আর ঢাকার মোহাম্মদপুরে নিজেদের মূল কার্যালয়।
তরিকুল বলেন, ‘ছোটবেলা থেকেই পাটের প্রতি দুর্বলতা ছিল। স্বপ্ন ছিল সোনালি আঁশ নিয়ে নিয়ে কাজ করব। পড়াশোনাও করেছি কৃষি ও বন গবেষণা নিয়ে। সব শেষে স্বপ্ন বাস্তবায়নেই এই কাজ শুরু করা।’ বাণিজ্য মেলায় সাড়া কেমন পেয়েছেন—জানতে চাইলে এই তরুণ বলেন, ‘আমরা সন্তুষ্ট। কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে রপ্তানি কার্যাদেশ পাওয়ার আশ্বাসও পেয়েছি।’
বেঙ্গল ব্রেইডেড রাগস লিমিটেডের স্টলে পাওয়া যাচ্ছে পাটের তৈরি শতরঞ্জি, পাপোশ, ব্যাগ আর কার্পেট। সাভারের একটি কারখানায় তৈরি হয় এসব পণ্য। কারখানাটিতে কাজ করেন স্থানীয় নারীরা। বেঙ্গল থেকে ২০০ থেকে ২৫০ টাকায় পাপোশ, দুই থেকে আড়াই ফুট লম্বা কার্পেট এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০, দুই থেকে চার ফুট লম্বা শতরঞ্জি ৪০০ থেকে আড়াই হাজার ও বিভিন্ন ধরনের ব্যাগ কেনা যাবে ৫০০ থেকে ৬০০ টাকায়।
প্রতিষ্ঠানটির বিক্রয় নির্বাহী ইলিয়াস কবীর বলেন, জেডিপিসি সহায়তা করায় ৭০ হাজার টাকায় স্টল নিতে পেরেছেন। অন্যথায় মেলায় অংশ নেওয়া তাঁদের মতো ছোট প্রতিষ্ঠানের জন্য সম্ভব হতো না। তবে প্যাভিলিয়ন একটু ভেতরের দিকে হওয়ায় অনেক ক্রেতা-দর্শনার্থীর নজরে পড়ে না বলে অনুযোগ করেন তিনি।
নারায়ণগঞ্জের সাবা জুট ক্রাফট মেলায় নিয়ে এসেছে পাটের ব্যাগ, জুতা, পার্টস, পুতুল, শপিং ব্যাগসহ নানা রকম পণ্য। প্রতিষ্ঠানটির তৈরি পণ্য পোল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় বলে জানান এর বিক্রয়কর্মী রুমন হোসেন।
রুমন জানালেন, মেলায় আসার উদ্দেশ্য পণ্যের প্রচার। তাই বিক্রি নিয়ে তেমন দুশ্চিন্তা নেই। তিনি বলেন, ‘বর্তমানে পাটপণ্যের চাহিদা বাড়ছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোও আগ্রহ দেখাচ্ছে। কিন্তু অনেক সময়ই তাঁরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সন্ধান পান না। সেই বিচারে বাণিজ্য মেলা একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।’
এ ছাড়া জেডিপিসির অন্যান্য স্টলে পাটের ল্যাম্প শেড, কুশন, মানিব্যাগ, গৃহসজ্জার নানা উপকরণ পাওয়া যাচ্ছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্যাভিলিয়নে আছে বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানের স্টল।