বাড়ছে সিগারেট ও গাড়ির শুল্ক এবং ভ্যাটের আওতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেটে সিগারেটের ওপর শুল্কহার বাড়ছে। গাড়ির শুল্কও বাড়ানো হচ্ছে। তবে রাজস্ব আদায়ে সবচেয়ে জোর দেওয়া হচ্ছে মূল্য সংযোজন করকে (ভ্যাট)। ভ্যাটের আওতা ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে।তবে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদও আছে বাজেটে। সুদ পরিশোধের দায় কমাতে ১ শতাংশ হারে সঞ্চয়পত্রের সুদহার কমানো হচ্ছে বলে জানা গেছে।কাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ করবেন। এই বাজেটে ৯৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনা থাকছে বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অংশ প্রায় সাড়ে ৭২ হাজার কোটি টাকা।বর্তমানে মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন অনুযায়ী ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। তবে বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে প্রকৃত মূল্য সংযোজন হারের ভিত্তিতে এই ভ্যাট নির্ধারণ করা হয়ে থাকে। নতুন বাজেটে ৩১ ধরনের সেবার ক্ষেত্রে প্রকৃত মূল্য সংযোজন করের ভিত্তি পরিবর্তন করা হচ্ছে বলে সূত্র জানায়। যেমন, ছাপাখানার করের ভিত্তি ধরা হয় সাড়ে ৪ শতাংশ। আবার ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থার করের ভিত্তি ধরা হয় ১ দশমিক ৫ শতাংশ। নতুন বাজেটে এ রকম ৩১ ধরনের সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ হারে করের ভিত্তি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সেবাগুলোর মধ্যে রয়েছে—ঠিকাদারি সংস্থা, ছাপাখানা, ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মাণ সংস্থা, আসবাব বিপণন কেন্দ্র, থিমপার্ক, শ্যুটিং স্পট, ফটো নির্মাতা, কুরিয়ার ও ইএমএস সেবা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান, সিকিউরিটি সংস্থা, আইন পরামর্শক, বিদ্যুৎ বিতরণকারী, জোগানদার, ইংলিশ মিডিয়াম স্কুল ইত্যাদি।চলতি ২০০৯-১০ অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৭৯৫ কোটি টাকা। এর মধ্যে গত মার্চ পর্যন্ত, অর্থাৎ নয় মাসে আদায় হয়েছে ১৬ হাজার ৭৩৮ কোটি সাত লাখ টাকা। প্রবৃদ্ধির হার প্রায় ২১ শতাংশ। আদায় বৃদ্ধি পাওয়ায় নতুন অর্থবছরেও সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হচ্ছে এই ভ্যাট খাতেই।চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১৮ হাজার ৯০৭ কোটি টাকার। এর মধ্যে ১০ হাজার ৩৭৭ কোটি টাকা পরিশোধ করায় নিট বিক্রি দাঁড়িয়েছে আট হাজার ৫৩০ কোটি টাকা। অর্থমন্ত্রীর পরিকল্পনা ছিল পুরো ১২ মাসে তিনি সঞ্চয়পত্র বিক্রি করে পাবেন তিন হাজার ২৭৭ কোটি টাকা। ফলে সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় সুদ পরিশোধের দায় বাড়ছে সরকারের। এ থেকে পরিত্রাণ পেতেই সঞ্চয়পত্রের সুদহার ১ শতাংশ কমানো হচ্ছে বলে জানা গেছে।সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকেই। অন্যদিকে বিড়ির ওপর শুল্ক কমানোর চাপ রয়েছে অর্থমন্ত্রীর ওপর। জানা গেছে, সিগারেটের ওপর শুল্ক বাড়ানো হলেও বিড়ির শুল্ক আগের মতোই থাকছে।