বাড়তি আয়ের ভাগ চায় মোবাইল অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে আসা আন্তর্জাতিক কলের টার্মিনেশন রেট সম্প্রতি দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করা হয়েছে। এর ফলে বাড়তি যে আয় হচ্ছে তা থেকে ভাগ চেয়েছে মোবাইল অপারেটররা। তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে।
আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের সংগঠন আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ) এই রেট বাড়িয়েছে।
নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসা কলের বিপরীতে মিনিটপ্রতি যে আয় হয় তার ৪০ শতাংশ বিটিআরসি, ১৭ দশমিক ৫ শতাংশ ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ২২ দশমিক ৫ শতাংশ মোবাইল অপারেটর ও ২০ শতাংশ আইজিডব্লিউ কোম্পানিগুলো পেয়ে থাকে। কিন্তু কলরেট বাড়লেও এখনো আগের মতোই মিনিটিপ্রতি দেড় সেন্ট বা ১ টাকা ২০ পয়সা হিসাব করে আয় ভাগাভাগি করা হচ্ছে।
অ্যামটব মহাসচিব টিআইএম নুরুল কবির স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা না করেই গত ২৪ আগস্ট থেকে কলরেট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে গত এক সপ্তাহে বাংলাদেশে বৈধভাবে আসা দৈনিক কলের পরিমাণ ১১ কোটি মিনিট থেকে কমে ৯ কোটি ৩০ লাখ মিনিটে নেমে এসেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, কলরেট বাড়লেও বাড়তি আয়ের ভাগাভাগি নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এর ফলে সরকার প্রতি মাসে ১০০ কোটি টাকার রাজস্ববঞ্চিত হবে। একইভাবে আর্থিক ক্ষতির শিকার হবে মোবাইল অপারেটররা।
২০১৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট তিন সেন্ট থেকে কমিয়ে দেড় সেন্ট করার ফলে দেশে অবৈধ ভিওআইপি কল আসা অনেকটাই কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে চিঠিতে।