বাড়তি কর আদায় করতে চান ঢাকার দুই মেয়র

নগরবাসীর কাছ থেকে বাড়তি কর আদায় করতে চায় ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীতে ভোগের জন্য কোনো পণ্য আমদানি করলে এবং রাজধানীতে উৎপাদিত কোনো পণ্য রপ্তানি করলে নির্দিষ্ট হারে কর আদায় করার প্রস্তাব দিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। এ ছাড়া সরকার-নির্ধারিত করের ওপর উপকর আদায়ের প্রস্তাবও দেওয়া হয়েছে।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক অংশীদারি সভায় সিটি মেয়ররা এ প্রস্তাব দেন। এ জন্য এনবিআরের সহযোগিতা চান তাঁরা। সেগুনবাগিচার এনবিআরের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। দুই মেয়র বলেছেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের আওতায় এ ধরনের কর নেওয়ার সুযোগ আছে। এ সময় তাঁরা আইনের কোন ধারায় এ ধরনের কর নেওয়ার সুযোগ আছে, তা তুলে ধরেন।
২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৮২ ধারায় করপোরেশনকে ২৬টি খাতে কর, উপকর, রেট টোল ও মাশুল আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী, নগরীতে ভোগ, ব্যবহার বা বিক্রির জন্য পণ্য আমদানির ওপর কর আরোপ করতে পারবে করপোরেশন। নগরে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রেও কর বসাতে পারবে। এ ছাড়া সরকার কর্তৃক আরোপিত করের ওপর উপকর বসানোর ক্ষমতাও দেওয়া হয়েছে। নগরে পণ্য আমদানি বলতে বিদেশ থেকে পণ্য আমদানি নাকি সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে পণ্য আনা, তা আইনে পরিষ্কার করা হয়নি। আবার গত সাত বছরে এ ধরনের কর বসানোর কোনো বিধিমালা তৈরি না করায় কর আদায় সম্ভব হয়নি। এ জন্য গতকালের সভায় এনবিআরের সহযোগিতা চেয়েছেন ঢাকা সিটির দুই মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, নাগরিকদের যথাযথ সেবা দিতে এখন বাড়তি অর্থ প্রয়োজন হয়ে পড়েছে। তাই কোথায় কোথায় রাজস্ব আদায়ের সুযোগ আছে, তা খুঁজতে হচ্ছে। এখন সিটি করপোরেশনের যে রাজস্ব আদায় হয়, তা দিয়ে শুধু দৈনন্দিন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে। তাই নতুন নতুন উন্নয়ন প্রকল্প নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে নতুন নতুন খাতে কর বসানো নিয়ে আবারও আলোচনা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন ধরনের যে রাজস্ব পাওয়া যায়, তা দিয়ে নাগরিকদের দৈনন্দিন সেবা দেওয়ার পর আর কোনো অর্থ হাতে থাকে না। কিন্তু কোনো উন্নয়ন প্রকল্প নিলে এর ৩০ শতাংশ অর্থ সিটি করপোরেশনকে দিতে হয়। কিন্তু সেই টাকা দিতে পারি না।’ তিনি জানান, এ শহরের জন্য ভোগ্যপণ্য আমদানি করলে কিংবা এ শহর থেকে পণ্য রপ্তানি করলে যে রাজস্ব আদায় হবে, তা নগরবাসীর জন্য খরচ করা হবে। নতুন করারোপ ও আদায়ে তিনি এনবিআরের সহযোগিতা চান। তিনি আরও বলেন, কর দিতে এখনো করদাতার মধ্যে ভীতি কাজ করে। এ ভীতি দূর করতে সিটি করপোরেশন এনবিআরের সঙ্গে কাজ করবে।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের আওতায় বিভিন্ন খাতে কর নেওয়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যেসব স্বীকৃত নীতি বা পদ্ধতি পালন করা হয়; তা অনুসরণ করা হবে।
সভায় এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন, শাহরিয়ার মোল্লা, রেজাউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজস্ব আদায়-সংক্রান্ত দুটি উপস্থাপনা দেওয়া হয়।