কনটেইনার পরিবহনের বাড়তি মাশুল নিয়ে চট্টগ্রামে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন ডিপো মালিক ও কনটেইনারের বিদেশি মালিকেরা। বিদেশি মালিকেরা বর্ধিত মাশুলের বিরুদ্ধে অনড় অবস্থান নিয়েছেন। আর চট্টগ্রামের ১৭টি বেসরকারি কনটেইনার ডিপো মালিকেরা ঘোষণা দিয়েছেন, বাড়তি মাশুল না দিলে আগামী ১ জানুয়ারি থেকে তাঁদের সেবা বন্ধ করে দেওয়া হবে।
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) তাদের সেবামাশুল সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১২ নভেম্বর বিকডার পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ১ জানুয়ারি থেকে বাড়তি এ মাশুল আদায় করা হবে বলে বিকডার পক্ষ থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়। কিন্তু এ চিঠির জবাবে সংগঠনগুলোর পক্ষ থেকে মাশুল না বাড়ানোর আহ্বান জানিয়ে বিকডাকে পাল্টা চিঠি দেওয়া হয়।
বিকডার ঘোষণা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে খালি ও আমদানি কনটেইনার পরিবহন এবং ১ মার্চ থেকে রপ্তানি কনটেইনার পরিবহন খাতে বাড়তি মাশুল কার্যকর হবে।
নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের কনটেইনারভর্তি পণ্য বেসরকারি ডিপোতে এনে খালাস করা বাধ্যতামূলক। আবার রপ্তানি পণ্যের ৯০ শতাংশ এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি করতে হয়। এ ছাড়া ডিপোগুলো খালি কনটেইনারও সংরক্ষণ করে থাকে।
বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘ডিপো ও কনটেইনার মালিকপক্ষ—কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। ডিপো মালিকেরা কাজ বন্ধের হুমকি দিয়েছে। এখন আমরাও একই হুমকি দিতে পারি। এটা হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত। তাই আলোচনার মাধ্যমেই বিষয়টি সুরাহা করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, ‘এটা হুমকি নয়, বর্তমান মাশুলে কনটেইনার ডিপো পরিচালনা করে বিপুল লোকসান হচ্ছে। দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ডিপো পরিচালনা করা কঠিন। তাই ১ জানুয়ারি থেকে বর্ধিত মাশুল ছাড়া সেবা দেওয়া সম্ভব নয়।’
এদিকে বিকডা ১৫ ডিসেম্বর বন্দর কর্তৃপক্ষকে এক চিঠিতে জানিয়েছে, চট্টগ্রামের ১৭ ডিপোতে চার হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে ২০ হাজার লোকের। কিন্তু খরচের তুলনায় মাশুল কম হওয়ায় ডিপো মালিকেরা আর্থিক সংকটের মুখে রয়েছেন।
বিকডার তথ্য অনুযায়ী, প্রতিটি ডিপোতে ২০০৭ সালে কনটেইনারে (২০ ফুট দীর্ঘ) রপ্তানি পণ্য বোঝাইয়ের জন্য মাশুল আদায় হতো ৫ হাজার ৫০০ টাকা। পরে তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়। আর এখন তা দেড় হাজার টাকা বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া বন্দর থেকে ডিপোতে ২০ ফুট দীর্ঘ একটি কনটেইনার আনা-নেওয়ার ক্ষেত্রে প্রতিবারের জন্য ৮০০ টাকা মাশুল আদায় করা হয়। বর্ধিত মাশুল অনুযায়ী, সেটি দ্বিগুণ বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কনটেইনার ওঠানো-নামানো, কনটেইনার রাখা ও নথিভুক্তির (ডকুমেন্টেশন) মাশুলও সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।