বাড়বে রাজস্ব, বাঁচবে জীবন
বিড়ি-সিগারেটের ওপর কর বাড়ানো হলে একদিকে সরকার আট হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব সংগ্রহ করতে পারবে, অন্যদিকে সমাজে তামাকজাত পণ্যের ভোগ কমবে। অর্থাৎ, বর্ধিত তামাক করে বাড়বে রাজস্ব, বাঁচবে জীবন।
বেসরকারি সংস্থা প্রজ্ঞা এবং অ্যান্টি-টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আগামী বাজেটকে সামনে রেখে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুমানা হক এতে ‘কেমন তামাক-কর চাই’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
কম দামে বিড়ি-সিগারেট বিক্রি হওয়া দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বে অন্যতম বলে প্রবন্ধে বলা হয়। জর্দা, গুলের দামও এ দেশে সস্তা।
সিগারেটের ওপর করারোপে মূল্যস্তর প্রথা পর্যায়ক্রমে প্রত্যাহারের দাবি জানানো হয় প্রবন্ধে। বলা হয়, এ প্রথাও কর ফাঁকির অন্যতম হাতিয়ার। যেমন বহুজাতিক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) মধ্যম স্তরের সিগারেটকে নিম্নস্তরের দেখিয়ে প্রায় ৭০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, মধ্যমস্তরের পাইলট ও ব্রিস্টল সিগারেটকে নিম্নস্তরের দেখিয়ে ২০০৯-১০ থেকে ২০১২-১৩ অর্থবছরে বিএটিবি ৭৯১ কোটি টাকাসহ আরও কয়েকটি খাতে প্রায় ১ হাজার কোটি টাকা ফাঁকি দিয়েছে। বিষয়টি আদালতে গড়ালেও এখনো সুরাহা হয়নি।
জানা গেছে, গত অর্থবছরে তামাকজাত পণ্য থেকে ১৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর।
রুমানা হক বলেন, ‘সিগারেট উৎপাদকেরা এনবিআরের সঙ্গে গত ১৩ এপ্রিল বৈঠক করেছেন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্যের ব্যবসা থেকে অর্জিত রাজস্ব-প্রবাহ ঠিক রাখতে তাঁরা এনবিআরকে চাপ প্রয়োগের ঔদ্ধত্যপূর্ণ প্রচেষ্টা করেছেন। এ ঘটনা আমাদের বিস্মিত করেছে।’
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘তামাকজাত পণ্যের দাম বাড়ালে ও উচ্চ করারোপে কোনো কোম্পানি বন্ধ হলে হোক। তাই বলে তো গণমানুষের ক্ষতি করতে পারি না।’