বাড়ল পুরোনো কাপড় আমদানির জন্য আবেদনের সময়
পুরোনো কাপড় আমদানিকারকদের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। তাই আমদানিকারক নির্বাচিত হতে যোগ্যতাসম্পন্ন ও আগ্রহী আমদানিকারকেরা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।এ বিষয়ে সম্প্রতি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর। আগের গণবিজ্ঞপ্তিতে ১৬ জানুয়ারির মধ্যে আমদানিকারকদের আবেদন করতে বলা হয়েছিল।চলতি ২০১২-১৩ অর্থবছরে ১৫ কোটি টাকা মূল্যের পুরোনো কাপড় আমদানির সুযোগ দিয়েছে সরকার। আমদানি করতে পারবেন তিন হাজার নির্বাচিত আমদানিকারক। একজন আমদানিকারক সর্বোচ্চ ৫০ হাজার টাকার পুরোনো কাপড় আমদানি করতে পারবেন।নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা কমিটি তাদের তালিকা ৬ মার্চের মধ্যে আঞ্চলিক আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তরে পাঠাবে। আর আঞ্চলিক দপ্তর ১৮ মার্চের মধ্যে আমদানির পূর্বানুমতিপত্র জারি করবে। নির্বাচিত আমদানিকারকদের ১৪ এপ্রিলের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে এবং ৩০ জুলাইয়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করতে হবে।