আগামী অর্থবছর (২০১৪-১৫) থেকে বাড়িওয়ালারা বিশেষ নজরদারিতে আসছে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চপর্যায় থেকে কৌশল বের করার জন্য আয়কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন কৌশল নিয়ে আয়কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকে বাণিজ্যিক কার্যক্রমে কোনো বাড়ি বা ফ্ল্যাট বা স্পেস ভাড়া দেওয়া হলে ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পরিশোধ করার বাধ্যবাধকতা বেঁধে দেওয়া হতে পারে। আবার সেই অর্থ পরিশোধের সময় উৎসে কর হিসেবে টাকা রেখে দেওয়া হবে। রাজধানীর অভিজাত এলাকায় বিভিন্ন বাড়ির ফ্লোর বা ফ্ল্যাট এখন বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে।
এমনকি বিপণিবিতান বা পাড়া-মহল্লার দোকান বা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়ার অর্থের ওপর উৎসে কর বসানো হতে পারে।
এ ছাড়া ব্যক্তি মালিকানার বাড়িগুলোকে কর জালে আনতে আরেকটি কৌশল নিয়ে অগ্রসর হচ্ছেন আয়কর কর্মকর্তারা। বহুতল বাড়ি থাকলে হোল্ডিং নম্বর প্লেটে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদর্শনের বাধ্যবাধকতাও বেঁধে দেওয়া হতে পারে। এতে কোন কোন বাড়িওয়ালা কর দেন বা করজালে আছেন তাঁদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এটা সামাজিক মানমর্যাদার বিষয়।
জানা গেছে, পর্যায়ক্রমে বাড়িভাড়া দিয়ে আয় করেন এমন সব বাড়িওয়ালাকে কর প্রদানে বাধ্য করা হবে। এ ছাড়া রাজধানী ও বড় শহরে যেসব ব্যক্তি ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট কিনতে কিস্তি পরিশোধ করছেন, সেই হিসাবও তলব শুরু করেছে এনবিআর। ইতিমধ্যে বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে তাঁদের গ্রাহকদের নাম-ঠিকানা, কিস্তির বিবরণী দেওয়ার জন্য চিঠি দেওয়া শুরু করেছে আয়কর বিভাগ। ওই সব প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য আসার পর ফ্ল্যাট মালিকেরা সঠিকভাবে তাঁদের আয়কর দিচ্ছেন কি না, তা-ও খতিয়ে দেখা হবে। মিলিয়ে দেখা হবে তাঁদের কর নথির সঙ্গে। কেউ কর ফাঁকি দিলে তাঁদের কর দেওয়ার জন্য নোটিশ জারি করা হবে।
২০১২ সালের নভেম্বর মাসে কর ফাঁকিবাজ বাড়িওয়ালাদের খোঁজে অভিযান শুরু করে এনবিআর। এনবিআর সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে বাড়িওয়ালা ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে এক লাখ ৬৩ হাজার ব্যক্তির খোঁজ পাওয়া পাওয়া গেছে—যাঁরা করযোগ্য, কিন্তু কর দেন না। এর মধ্যে প্রায় ৩৬ হাজার বাড়িওয়ালা রয়েছেন।
ইতিমধ্যে ৫৮ হাজার দোকান মালিক ও বাড়িওয়ালাকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বাড়িওয়ালা রয়েছে মাত্র ১২ হাজার। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এক হাজারের মতো বাড়িওয়ালা নতুন টিআইএন নিয়ে আয়কর বিবরণী জমা দিয়েছেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, স্বেচ্ছায় টিআইএন না নিলে চিহ্নিত বাড়িওয়ালাদের অনূকূলে এনবিআর নিজেই টিআইএন ইস্যু করবে। এরপর কয়েক বছর পেছন থেকে হিসাব করে আয়কর দাবি করা হবে।
মূলত দুভাবে বাড়িওয়ালাদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এনবিআর কর্মকর্তা বা পরিদর্শকেরা স্বশরীরে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। কিছু ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে বাড়িওয়ালাদের হয়রানির অভিযোগ উঠেছে। আবার সিটি করপোরেশন, ওয়াসা, ডেসা, ডেসকো, তিতাস গ্যাস কোম্পানিসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো। সেখান থেকে সেবার পরিসরের তথ্য জেনে বাড়িওয়ালা চিহ্নিত করা হচ্ছে।
জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই বাড়িওয়ালারা ভাড়ার টাকা নেওয়ার সময় ভাড়াটিয়াকে রসিদ দেন না। এতে অর্থ লেনদেনের কোনো দালিলিক প্রমাণ থাকে না। বছর শেষে বহু বাড়িওয়ালা তাঁর বার্ষিক আয়কর বিবরণী দাখিলের সময় বাড়িভাড়া থেকে প্রাপ্ত আয় গোপন করে থাকেন। আয়কর বিবরণীতে ভাড়া বাবদ কম আয় দেখান। ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।
এ ছাড়া ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে কর জালে আনতে বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) মাধ্যমে কাজ শুরু করেছে এনবিআর। এই গবেষণা সংস্থাকে একটি জরিপের কাজও দেওয়া হয়েছে। সংস্থাটি রাজধানীর ৮০টি বিপণিবিতানের ক্ষুদ্র ব্যবসায়ী (দোকান), যাঁদের টিআইএন নেই কিংবা কর দেন না তাঁদের চিহ্নিত করেছে। এখন এনবিআর তাদের নিজস্ব তথ্যসম্ভার থেকে ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-ব্যয়ের বিবরণী মিলিয়ে দেখছে।