বাড়িওয়ালাদের তালিকা সংগ্রহ করবে রাজস্ব বোর্ড
রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকার বাড়িওয়ালাদের তালিকা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাঁরা বাড়িভাড়া দিয়ে আয় করেন, তাঁরা সঠিকভাবে আয়কর দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ইতিমধ্যে এনবিআর থেকে সব কর অঞ্চলকে বাড়িওয়ালাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা গেছে, বর্তমান চেয়ারম্যান গোলাম হোসেন দায়িত্ব নেওয়ার পর গত নভেম্বর মাসে বাড়িওয়ালারা ঠিকমতো আয়কর দিচ্ছেন কি না, তা খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এরপর বেশ কিছুদিন এই বিষয়ে কোনো উদ্যোগ না থাকলেও সম্প্রতি এনবিআর থেকে সব কর অঞ্চলের কমিশনারদের বাড়িওয়ালাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সিটি করপোরেশন, ওয়াসা, ডেসা, ডেসকো, তিতাস গ্যাস কোম্পানিসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো। জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই বাড়িওয়ালারা ভাড়ার টাকা নেওয়ার সময় ভাড়াটিয়াকে রসিদ দেন না। তাই অর্থ লেনদেনের কাগজে-কলমে কোনো দলিল থাকে না। ফলে বছর শেষে বহু বাড়িওয়ালা তাঁর বার্ষিক আয়কর বিবরণী দাখিলের সময় বাড়িভাড়া থেকে প্রাপ্ত আয় গোপন করে থাকেন। আয়কর বিবরণীতে ভাড়াবাবদ কম আয় দেখান। ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।ধরা যাক, একজন বাড়ির মালিকের পাঁচটি ফ্ল্যাট থেকে প্রতিমাসে ফ্ল্যাটপ্রতি ২০ হাজার টাকা করে ভাড়া দেন। ফলে মাসে তাঁর আয় এক লাখ টাকা। আর বছরে আয় ১২ লাখ টাকা। ওই বাড়িওয়ালাকে সর্বোচ্চ হারে কর দিতে হবে। কিন্তু রসিদ কিংবা গ্রহণযোগ্য কোনো প্রমাণ না থাকায় তিনি আয় গোপনের সুযোগ পান। বার্ষিক বিবরণী দাখিলের সময় প্রতিমাসে ফ্ল্যাটপ্রতি ১০ হাজার টাকা করে ভাড়া দেখিয়ে বছরে ছয় লাখ টাকা আয় দেখান। ফলে ওই বাড়িওয়ালাকে অপেক্ষাকৃত কম আয়কর দিতে হয়।বাণিজ্যিকভাবে ফ্লোর ভাড়ার ক্ষেত্রে রসিদ দেওয়া হয়। ব্যক্তিপর্যায়ে রসিদ দেওয়ার প্রচলন এখনো শুরু হয়নি। এ প্রসঙ্গে এনবিআরের সদস্য এম এ কাদের সরকার বলেন, করযোগ্য আয় থাকলেই কর দিতে হবে। ঢাকা শহরের অনেক বাড়িওয়ালা আছেন, যাঁদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) পর্যন্ত নেই। অথচ তাঁরা বছরের পর বছর বাড়িভাড়া দিয়ে বিপুল অর্থ আয় করেন। এখন তাঁদের চিহ্নিত করে টিআইএন দিয়ে আয়কর আদায় করা হবে।এনবিআরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাড়িভাড়া বাবদ অর্থ ব্যাংক হিসাবে অর্থাৎ চেকের মাধ্যমে নেওয়া হলে আয় গোপন করার সুযোগ অনেকাংশে কমে যাবে। সিটি করপোরেশন এলাকায় বাড়িওয়ালার সংখ্যা কত, এই বিষয়ে সঠিক পরিসংখ্যান নেই। সিটি করপোরেশনের কাছে হোল্ডিং সংখ্যা রয়েছে। অর্থাৎ প্লট মালিকের সংখ্যা জানা যাবে। ঢাকা সিটি করপোরেশনে কয়েক লাখ হোল্ডিং রয়েছে। আবার ডেসা বা ডেসকোর মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা পাওয়া গেলেও বাড়িওয়ালার প্রকৃত সংখ্যা জানা যাবে না। কেননা বিদ্যুৎ গ্রাহক হিসাব করা হয় সংযোগের মাধ্যমে। সংযোগ সংখ্যা দিয়ে বাড়িওয়ালা ও ফ্ল্যাট মালিকদের আলাদা করে চিহ্নিত করার সুযোগ কম। একজন বাড়িওয়ালা একটি সংযোগ দিয়ে একাধিক ফ্ল্যাটে বিদ্যুৎ-সংযোগ দেন। ওয়াসা বা তিতাসের ক্ষেত্রে একই অবস্থা। প্রসঙ্গত, বর্তমানে ৩৩ লাখ টিআইএনধারী রয়েছেন। তাঁদের মধ্যে ১২-১৩ লাখ টিআইএনধারী নিয়মিত আয়কর বিবরণী জমা দেন।