বিআইএর অভিনব আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপসী বাংলা হোটেলের বলরুম। সোমবার সন্ধ্যা সাতটা। বর্তমান সরকারের চার মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও ১০ সাংসদকে অভিনব এক সংবর্ধনা দেওয়ার আয়োজন করে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
সংবর্ধনার কারণ ‘বিমা শিল্পের সঙ্গে সম্পর্কিত ও সংশ্লিষ্ট বিমা কোম্পানির পর্ষদ সদস্য, শেয়ারহোল্ডার ও অন্য প্রতিনিধিদের মধ্য থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও নিযুক্ত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদদের সাফল্য।’
কিন্তু, ১৬ জনের মধ্যে আটজনই এই সংবর্ধনা নিতে আসেননি। বাকি আটজনের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এতে বিশেষ অতিথি এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ সম্মানিত অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিআইএর সভাপতি শেখ কবির হোসেন।
বিআইএর সংবর্ধনা নিতে আসেননি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং সাংসদ গোলাম দস্তগীর গাজী, সাবের হোসেন চৌধুরী, মো. তাজুল ইসলাম, মো. আসলামুল হক ও এইচ এম ইব্রাহিম।
সংবর্ধনা গ্রহণ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন, মো. আবদুস শহীদ, মোরশেদ আলম, এ কে এম রহমতুল্লাহ ও মাহফুজুর রহমান৷
বক্তারা ২০১০ সালে বিমা আইন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন প্রণয়নের কারণে আওয়ামী সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তবে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ দুই আইনের জন্য ২০০৭-০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারকে ইতিবাচকভাবে স্মরণ করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারই আইন দুটি বানিয়ে যায়। সত্যিই খুব ভালো দুটি অধ্যাদেশ করে তারা। পরে তা আইনে রূপান্তর করা হয়।’
উল্লেখ্য, আইনত ব্যাংক ও বিমা কোম্পানির পর্ষদে কোনো মন্ত্রীই থাকতে পারেন না, তবে সাংসদেরা থাকতে পারেন।