বিআইডিএসের 'বাংলাদেশ যাত্রা' সংলাপ রোববার শুরু
বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ‘বাংলাদেশ যাত্রা’ নামের দুই দিনের এক সংলাপ আয়োজন করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এ সম্মেলন আগামী রবি ও সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ সংলাপ আয়োজন করছে বিআইডিএস। গত বছর তারা প্রথমবার এই আয়োজন করেছিল। এবারও সংলাপের মূল শিরোনাম ‘বাংলাদেশ জার্নি’ বা বাংলাদেশ যাত্রা রাখা হয়েছে। তবে মূল বিষয় বা থিম হিসেবে যুক্ত হয়েছে ‘অ্যাক্সেলারিটিং ট্রান্সফরমেশন’ (রূপান্তরে গতি আনা)।
সংলাপের দুই দিনে মোট ১৪টি অধিবেশন থাকবে। এতে উন্নয়ন ও সুশাসনের সম্পর্ক, শিক্ষার মান উন্নয়ন, প্রবৃদ্ধিতে সরকারি নীতির ভূমিকা, শ্রমবাজার, পুষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যাংকিং খাত, টেকসই শহর, মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসন, নারী উদ্যোক্তাদের অবস্থা, পানি সমস্যা, জ্বালানি কৌশল, সামাজিক নিরাপত্তা কৌশল, শিল্পবিপ্লব ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ গতকাল বুধবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের উদ্দেশ্য একটি নিরপেক্ষ ক্ষেত্র তৈরি করা, যাতে সব ধরনের মতামত নিয়ে আলোচনা হয় এবং সেটা সভ্য পরিবেশে। আমার মনে হয়, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
কে এ এস মুরশিদ আরও বলেন, গত বছর যে সংলাপ হয়েছিল, তারপর প্রবাসী আয় কমে যাওয়া, রপ্তানি আয়ে গতি কমে যাওয়ার মতো নতুন নতুন বিষয় চলে এসেছে। পানির বিষয়টি দীর্ঘদিন আলোচনা হচ্ছে না। জ্বালানি নীতি নিয়েও একটি মূল্যায়ন প্রয়োজন। এ ছাড়া উন্নয়ন ও সুশাসনের সম্পর্কের মতো কিছু বিষয়ে বিতর্ক আগে থেকেই রয়েছে। এসব বিষয় সংলাপে আলোচনা হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে বিআইডিএস একটি প্রভাবক বা ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে, আলোচনা করবেন আলোচকেরা।
সংলাপে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। ‘শিল্প বিপ্লবের পথে’ শীর্ষক সমাপনী অধিবেশনে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সভাপতিত্ব করবেন। এতে অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, যুক্তরাজ্যের অলস্টার ইউনিভার্সিটির শিক্ষক এস আর ওসমানী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বক্তব্য দেবেন।