বিআইবিএন বিজনেস ফোরাম গঠন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার চার দেশের ব্যবসায়ীদের উদ্যোগে আজ বৃহস্পতিবার গঠিত হচ্ছে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরাম। দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অবকাঠামোগত বাধা দূর করে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এ ফোরাম গঠনের উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়, ভারতের কলকাতায় আজ ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও মসিউর রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অংশ নিতে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে ৭০ সদস্যের প্রতিনিধিদল আজ ভারত যাচ্ছে।
এদিকে ১৫ থেকে ১৭ জুলাই ভারতের শিলিগুড়িতে ‘বিআইবিএন বিজনেস এক্সপো’ নামের একটি প্রদর্শনী হবে। এতে বিবিআইএনভুক্ত ৪ দেশের প্রায় ৬০টি স্টল এতে অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে এফবিসিসিআইয়ের সদস্য বিভিন্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ৩১টি স্টল নিয়েছে। এতে তারা বস্ত্র, কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত সামগ্রী, বৈদ্যুতিক পণ্য, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি শিল্পবিষয়ক পণ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।