বিআইসিএফের আয়োজনে ব্যবসা সংস্কার নিয়ে বিতর্ক
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ) সম্প্রতি দেশে ব্যবসা সংস্কারের বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘আগামীর জন্য সুযোগ সৃষ্টি’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রতিযোগিতার দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ। এতে প্রখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম ও বিআইসিএফের ঊর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দ আখতার মাহমুদ উপস্থিত ছিলেন।