বিআরটিসির জন্য ৩০০ বাস ক্রয় করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়া থেকে ৩০০ সিএনজিচালিত বাস কেনার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। কোরিয়ান ইডিসিএফ ঋণের আওতায় বাসগুলো কেনা হবে।গত মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বিদ্যমান হাল নিয়ে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিআরটিসির ২৬৩টি অচল বাসকে সচল করার নির্দেশও দিয়েছেন তিনি।জানা গেছে, ৩০০টি সিএনজিচালিত বাস কিনতে মোট ব্যয় হবে ২৪৩ কোটি টাকা। এর মধ্যে ৩৬ কোটি টাকা ব্যয় হবে সরকারি কোষাগার থেকে। বাকি ২০৭ কোটি টাকাই আসবে প্রকল্প সাহায্য হিসেবে। এ ঋণের সুদের হার হবে শূন্য দশমিক ৫০ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ১০ শতাংশ। ১০ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ অর্থ পরিশোধ করতে হবে।বৈঠক সূত্র জানায়, ৩০০ বাসের মধ্যে ১৫০টি এসি ও ১৫০টি নন-এসি। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের পরিবেশদূষণ রোধ এবং দেশের মানুষকে কম খরচে পরিবহনসেবা দিতে এ বাসগুলো কেনা হবে। সবগুলো বাস আনা হবে ২০১১ সালের মধ্যে। প্রকল্পটির কার্যপত্রে বলা হয়েছে, ঢাকা শহর ও শহরতলির বায়ু ও পরিবেশদূষণ রোধে সিএনজি বাসের সংখ্যা বৃদ্ধি, ট্রাফিক সমস্যার সমাধান এবং দারিদ্র্য বিমোচন এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ও অন্যান্য জেলায় উন্নত বাস যোগাযোগব্যবস্থা স্থাপিত হবে এবং জনগণ উন্নত সেবাসহ কম খরচে যাতায়াত করতে পারবে।বর্তমানে বিআরটিসির মোট বাসের সংখ্যা ৭৯৭। তবে দোতলা বাস ২৬৩টি। ৩০০টি বাস ঢাকা শহরে চলাচল করে।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ঢাকা শহরের জনসংখ্যা ও বেসরকারি বাসের তুলনায় বিআরটিসির বাসের সংখ্যা খুবই কম। এ কারণে মানুষ চাহিদা অনুযায়ী বিআরটিসির সেবা পাচ্ছে না। মানুষের চাহিদার কথা বিবেচনা করে ৩০০টি বাস কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।