বিএইচবিএফসি ১৬৫ কোটি টাকা মুনাফা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে ১৬৫ কোটি ১৬ লাখ টাকার মুনাফা অর্জন করেছে। এই মুনাফা আগের ২০১১-১২ অর্থবছরের ১৫২ কোটি টাকার চেয়ে ১৩ দশমিক ১৬ শতাংশ বেশি।
আলোচ্য বছরে সংস্থাটি আদায়যোগ্য ৫৪২ কোটি ৭২ লাখ টাকার ঋণের মধ্যে আদায় করেছে ৪৬০ কোটি ২০ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৪১ কোটি ৪৩ লাখ টাকা বেশি।
২০১২-১৩ অর্থবছরে বিএইচবিএফসি মোট ৫৩৯ কোটি ২৫ লাখ টাকার ঋণ মঞ্জুর এবং এর বিপরীতে ৪৩৩ কোটি ৩৯ লাখ টাকা বিতরণ করেছে। এ ক্ষেত্রে আগের ২০১১-১২ অর্থবছরের চেয়ে যথাক্রমে ৪৭ দশমিক ১৫ শতাংশ ও ৪৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরে ঋণ মঞ্জুর ও বিতরণের পরিমাণ ছিল যথাক্রমে ৩৬৬ কোটি ৪৭ লাখ টাকা ও ২৯৪ কোটি ৮৪ লাখ টাকা।
আলোচ্য অর্থবছর শেষে বিএইচবিএফসির শ্রেণীকৃত ঋণের হার কমে ৯ দশমিক ৮০ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরে ছিল ১৪ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া বর্তমানে এ সংস্থার কোনো প্রভিশন বা সঞ্চিতি ঘাটতি নেই।
এদিকে বিএইচবিএফসি বিদায়ী বছরে দায় বাবদ সরকারকে নয় কোটি ৭৬ লাখ টাকা ও অন্যান্য প্রতিষ্ঠানকে ৯৩ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করেছে।
একই বছরে সংস্থাটি ৮০ কোটি ১৪ লাখ টাকার করপোরেট আয়কর দিয়েছে। বিজ্ঞপ্তি।