বিএইচবিএফসিকে ৫০০ কোটি টাকা দেবে সরকার
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনকে (বিএইচবিএফসি) ৫০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংস্থাটি গৃহনির্মাণ ও ফ্ল্যাট কিনতে সাধারণ মানুষকে এ টাকা থেকে ঋণ দেবে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার ‘বিএইচবিএফসির বিষয়ে করণীয় নির্ধারণ’ সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান। সংস্থার চেয়ারম্যান শেখ আমিন উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বিএইচবিএফসিকে সহজ শর্তে ও দীর্ঘমেয়াদে ৫০০ কোটি টাকা দেওয়া হবে। তিন কিস্তিতে এ টাকা দেওয়া হবে চলতি অর্থবছর থেকেই।
আমানত সংগ্রহে ভবিষ্যতে সংস্থাটিকে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে বলেও জানান মুহিত। অর্থমন্ত্রী বলেন, এ জন্য আইন সংশোধন করতে হবে, যা প্রক্রিয়াধীন।
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিএইচবিএফসির ঋণের সুদের হার বর্তমানে ১২ শতাংশ। অর্থমন্ত্রী জানান, এটা তখন ১৩ শতাংশে উন্নীত করা হবে।
বৈঠক সূত্র জানায়, বিএইচবিএফসি মন্ত্রণালয়কে বলেছে, সহজ শর্তে ৫০০ কোটি টাকা পাওয়া গেলে ঢাকা ও চট্টগ্রামের বাইরে মফস্বল এলাকায় ঋণ দেওয়া হবে।