বিএইচবিএফসির গৃহঋণের সুদের হার কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রিহ্যাব নেতারা l ছবি: রিহ্যাবের সৌজন্যে
রাজধানীর একটি হোটেলে গতকাল হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রিহ্যাব নেতারা l ছবি: রিহ্যাবের সৌজন্যে

রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) দেওয়া বর্তমান গৃহঋণের সুদের হার কমানো এবং ঋণ প্রদানের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব দাবি জানান রিহ্যাব নেতারা। এ সময় রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন্নবী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় রিহ্যাব নেতারা শ্রমিকদের আবাসন ঋণ দেওয়ার জন্য বিএইচবিএফসি কর্মকর্তাদের কাছে সুপারিশ করেন। একই সঙ্গে কৃষকদের জন্যও প্রস্তাবিত গৃহঋণ দ্রুত চালু ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দুই সপ্তাহের মধ্যে ঋণ মঞ্জুরের দাবি করেন রিহ্যাবের নেতারা।

রিহ্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী সংগঠনটির দাবির প্রতি সমর্থন জানান ও সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। বিএইচবিএফসি আগামী অক্টোবরে ঢাকায় গৃহঋণ মেলা আয়োজন করছে জানিয়ে এ ব্যাপারে রিহ্যাবের সহযোগিতা চান দেবাশীষ চক্রবর্তী।

বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট কেনায় আগের চেয়ে সুদের হার কমিয়েছে বিএইচবিএফসি। এ ছাড়া বাড়ি নির্মাণে একক ও গ্রুপভিত্তিক এবং ফ্ল্যাট কেনা ইত্যাদি ঋণ কর্মসূচি চালু করেছে। চলতি মাস থেকে এসব নতুন নিয়ম চালু হয়েছে।

বাড়ি নির্মাণের সুদের হার ১২ থেকে কমিয়ে সাড়ে ৯ এবং ফ্ল্যাট কেনায় সুদের হার ১০ শতাংশ নির্ধারণ করেছে সংস্থাটি। এ ছাড়া টঙ্গী, সাভারসহ বিভাগীয় শহরে বাড়ি নির্মাণে ঋণের সুদের হার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৮ শতাংশ করেছে বিএইচবিএফসি। আগে ফ্ল্যাট কেনার জন্য সব এলাকায় সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হলেও এখন ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য সেটি ৮০ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া টঙ্গী, সাভারসহ বিভাগীয় ও জেলা শহরে ফ্ল্যাট কিনতে ঋণ দেওয়া হবে ৬০ লাখ টাকা।