বিএএস-৩৯ বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়েছে
বাংলাদেশ হিসাবরক্ষণ মানের (বিএএস)-৩৯ ধারায় কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে দেশের প্রচলিত আইনের সঙ্গে তা অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক।বিএএস-৩৯ নিয়ে আয়োজিত এক সদস্য সম্মেলনে দেশের সনদধারী হিসাববিদদের সংগঠন ইসস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) নেতারা এসব কথা বলেন। বক্তারা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশই কিছুটা সংযোজন-বিয়োজন করে আন্তর্জাতিক হিসাবরক্ষণ মান (আইএএস)-৩৯ গ্রহণ করেছে। বাংলাদেশ যদিও এই মান গ্রহণ করেছে, তার পরও দেশীয় আইনের সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনে তা পরিমার্জন করা যেতে পারে।রাজধানীর কারওয়ানবাজারে নিজস্ব কার্যালয়ে সম্মেলনের আয়োজন করে আইসিএবি। অনুষ্ঠানে জানানো হয়, আইএএস-৩৯-এর ভিত্তিতে বিএএস-৩৯ গ্রহণ করা হয়। আন্তর্জাতিক আইনটির কোনো পরিমার্জন না করেই ২০১০ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ তা গ্রহণ করে।অনুষ্ঠানে মূল প্রবন্ধে রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার আদীব হোসেন খান বিএএস-৩৯ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে স্থানীয় আইনের সঙ্গে সংঘর্ষ, অতিরিক্ত কাজ এড়াতে বিএএস-৩৯ গ্রহণ করতে অনাগ্রহ, অস্থির শেয়ারবাজার, অনেক বিকল্প থাকা, প্রয়োজনীয় সম্পদ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা।সম্মেলনে স্বাগত বত্তব্য দেন আইসিএবি সভাপতির সাইফুল ইসলাম। আইসিএবি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনটেন্টসের (সাফা) সাবেক সভাপতি শেখ এ হাফিজ বলেন, এই ধারার কোনো কোনো বিষয়ে পরিমার্জন করলে বাংলাদেশ ব্যাংকের আর কোনো আপত্তি থাকবে না, সে বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।