বিএটিবিসির ৪২ লাখ শেয়ার গ্রহণ করবে রেলিহ ইনভেস্টমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ-আমেরিকান টোবাকোর (বিএটিবিসি) ৪২ লাখ শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছে রেলিহ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, রেলিহ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড বিএটিবিসির ৪২ লাখ শেয়ার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ ফান্ডের কাছ থেকে গ্রহণ করবে। এর মধ্যে আইসিবির কাছ থেকে ৩৫ লাখ এবং বাংলাদেশ ফান্ডের কাছ থেকে সাত লাখ শেয়ার গ্রহণ করবে। স্টক এক্সচেঞ্জের লেনদেন-ব্যবস্থার বাইরে এই শেয়ার গ্রহণ করা হবে।এদিকে গতকাল মঙ্গলবার রেলিহ ইনভেস্টমেন্টের শেয়ার গ্রহণের বিষয়টি অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির এক পত্রে বলা হয়, ‘বৈদেশিক বিনিয়োগ ও পুঁজিবাজারের তারল্যবৃদ্ধির কারণ বিবেচনাপূর্বক এই শেয়ার গ্রহণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০০২-এর বিধি ৩৩-এর অধীন রেলিহ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বিধির ৬ ধারা পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ ওই পত্রে আরও বলা হয়, ওই অব্যাহতির কার্যকারিতা আগামী ছয় মাস পর্যন্ত বলবত্ থাকবে। এতে শেয়ার গ্রহণের ক্ষেত্রে রেলিহ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের কোনো বাধ্যবাধকতা নেই। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আজ বিএটিবিসির ৪২ লাখ শেয়ার গ্রহণের ঘোষণা দেয়।