বিএনও ব্র্যান্ডের তিনটি তেলপণ্যের মোড়ক উন্মোচন
চট্টগ্রামে বিএনও ব্র্যান্ড নামে আন্তর্জাতিক মানের তিনটি নতুন লুব্রিকেন্ট বা তেলজাতীয় পণ্য বাজারে ছেড়েছে দেশীয় লুব ব্লেন্ডিং প্রতিষ্ঠান লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। পণ্যগুলো হচ্ছে: হেভি ডিউটি প্লাস, ডিজেল সুপার ও সিএনজি স্পেশাল।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক গত বুধবার আনুষ্ঠানিকভাবে পণ্য তিনটির মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠানে জানানো হয়, হালকা ডিজেল ইঞ্জিন ও সেচ পাম্পের জন্য হেভি ডিউটি প্লাস, পেট্রলচালিত গাড়িকে সিএনজিতে রূপান্তরের কারণে গাড়ির ইঞ্জিনের ক্ষয়রোধ ও আয়ুষ্কাল বাড়ানোর জন্য সিএনজি স্পেশাল এবং দূরপাল্লায় বাণিজ্যিকভাবে পরিচালিত ভারী যানবাহনগুলোতে ব্যবহারের জন্য ডিজেল সুপার বাজারজাত করা হয়েছে। এদিকে পণ্য তিনটির মোড়ক উম্মোচনের আগে এগুলো সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ। তিনি জানান, বিএনও হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি ব্র্যান্ড। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক সালাহউদ্দিন ইউসুফ, কর্মকর্তা ড. খন্দকার জাকির হোসাইন, শাহেদ আয়াতুল্লাহ খান, তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।