বিএনপি পারিবাসকে যুক্তরাষ্ট্রের ৯০০ কোটি ডলার জরিমানা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করার দায়ে দেশটিকে প্রায় ৯০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফ্রান্সের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক বিএনপি পারিবাস।
ফরাসি ব্যাংকটি মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির জন্য ৮৯০ কোটি ডলার জরিমানা দেবে; যা তাদের ২০১৩ সালের এক হাজার ১২০ কোটি ডলারের কর-পূর্ব আয়ের প্রায় কাছাকাছি।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলের দিকে (বাংলাদেশে তখন গভীর রাত) বিএনপি পারিবাসের অভিযোগ নিষ্পত্তিতে সম্মত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা।
ব্যাংকটি ইতিমধ্যে জরিমানা প্রদানের বিস্তারিত বিবরণও ঠিক করেছে। এতে তাদের দোষ স্বীকারের পাশাপাশি কৈফিয়তও থাকছে। তারা ইতিমধ্যে এক ডজনের বেশি অভিযুক্ত কর্মীকেও ছাঁটাই করেছে। এসব কর্মীর মধ্যে কেউ কেউ অবশ্য ব্যাংকটি ছেড়ে গেছেন।
বিশ্বে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের অভিযোগ নিষ্পত্তিতে এটিই হবে এ যাবৎকালের সর্ববৃহৎ জরিমানা দেওয়ার রেকর্ড। ইতিপূর্বে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক এইচএসবিসিও একই ধরনের অভিযোগ নিষ্পত্তিতে ২০১২ সালে যুক্তরাষ্ট্রকে ১৯০ কোটি ডলার জরিমানা দেয়। এ ছাড়া মার্কিন নাগরিকদের কর ফাঁকি দিতে সহায়তা করায় গত মাসে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ক্রেডিট সুইসকে ২৬০ কোটি ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্র।
বড় অঙ্কের জরিমানা দিতে গিয়ে বিএনপি পারিবাসকে তার ব্যালেন্স শিট বা স্থিতিপত্র জোরদার রাখতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হবে। পুঁজিবাজারে বন্ড ছেড়ে ও লভ্যাংশের হার কমিয়ে তারা কাজটি করবে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যাংকটির দায়িত্বশীল কর্মকর্তারা অবশ্য কোনো মন্তব্য করতে অনীহা জানান।
বিএনপি পারিবাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো, তারা ইরান, সুদান ও কিউবার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এসব দেশের গ্রাহকদের সঙ্গে এক হাজার কোটি ডলারের লেনদেনের তথ্য গোপন রেখেছে ব্যাংকটি।
এদিকে বিএনপি পারিবাসের যেসব শাখায় ওই তিনটি দেশের গ্রাহকদের সঙ্গে লেনদেন হয়েছে সেগুলোতে মার্কিন ডলারে লেনদেন কার্যক্রম বাতিল করা হতে পারে। এতে ব্যাংকটির তেল ও গ্যাস খাতে অর্থায়ন ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জরিমানার অর্থ যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, নিউইয়র্ক রাজ্য আর্থিক সেবা বিভাগ এবং বিচার বিভাগ ও বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয়ের মধ্যে ভাগ হবে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ মনে করে, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিএনপি পারিবাস ইরান, সুদান ও কিউবার গ্রাহকদের সঙ্গে প্রায় তিন হাজার কোটি ডলারের লেনদেন করেছে।অন্যদিকে আর্থিক সেবা বিভাগের মতে, এই পরিমাণ হবে ১০ হাজার কোটি ডলার।
২০০২ থেকে ২০০৯ সালের মধ্যে এসব লেনদেন সংঘটিত হয়।এমনকি পরবর্তীকালে তা বন্ধ করার তাগিদ দেওয়ার পাশাপাশি তদন্ত শুরু হওয়া সত্ত্বেও একই ধরনের লেনদেন করে ব্যাংকটি।তারা এই কাজের সঙ্গে সরাসরি জড়িত কর্মকর্তাদেরও কাঠগড়ায় ওঠা থেকে আড়াল করে রাখে। যে কারণে ব্যাংকটির ওপর বেজায় নাখোশ সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষগুলো।
মার্কিন তদন্তে যাঁকে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে তিনি হলেন বিএনপি পারিবাসের প্রধান পরিচালন কর্মকর্তা জর্জেস শোদরোন ডি কৌরসেল। তিনি গত মাসে অবসরে যাওয়ার ঘোষণা দেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বাজারবিষয়ক কমিশনার মিশেল বার্নিয়ার ফরাসি ব্যাংকটির কাছ থেকে ন্যায্য ও প্রাসঙ্গিক জরিমানা আদায়ের আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ইতিমধ্যে বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলেন। অন্যদিকে ফরাসি বাণিজ্যমন্ত্রী লরেন্ত ফ্যাবিয়াস সম্প্রতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের জরিমানা ইইউ-মার্কিন বাণিজ্য চুক্তিসংক্রান্ত আলোচনায় ব্যাঘাত ঘটাতে পারে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও বিবিসি।