বিএফআইডিসির কাপ্তাই ইউনিট পাঁচ বছর পর মুনাফা অর্জন করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) প্লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল কাপ্তাই ইউনিট পাঁচ বছর পর মুনাফা অর্জন করেছে।শুধু মুনাফা অর্জন নয়, এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতন এবং উল্লেখযোগ্য পরিমাণে ঋণ পরিশোধ করেছে বলে বিএফআইডিসি সূত্রে জানা গেছে।বিএফআইডিসির প্লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল কাপ্তাই ইউনিটের প্রধান মো. মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানান, পাঁচ বছর ধরে এই ইউনিট লোকসানে থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে মুনাফা অর্জন শুরু করে। লোকসানের কারণে ইউনিটটির শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন বাবদ ১১ লাখ ১৫ হাজার টাকা বকেয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৩০ লাখ টাকা দেনা ছিল, যা ইতিমধ্যে পরিশোধ করে ইউনিটটি দেড় লাখ টাকা মুনাফা করেছে।এ ব্যাপারে বিএফআইডিসির চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় লোকবল সংকটের মধ্যেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে যে ভালো ফলাফল অর্জন করা যায়, সেই উদাহরণ স্থাপন করল কাপ্তাই ইউনিট। চলতি ২০১০-১১ অর্থবছর শেষে এ ইউনিট উল্লেখযোগ্য পরিমাণে মুনাফা দেখাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।