বিএমডব্লিউ গাড়িতে বিক্রয়োত্তর সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান ব্র্যান্ড বিএমডব্লিউ গাড়িতে এখন থেকে ক্রেতাদের বিনা মূল্যে পাঁচ বছর সব রক্ষণাবেক্ষণ, মেরামত ও যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। দেশে গাড়িটির অনুমোদিত ডিলার এক্সিকিউটিভ মোটরস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গাড়ি সরবরাহ নেওয়ার দিন থেকে পাঁচ বছর অথবা গাড়ি ৬০ হাজার কিলোমিটার মাইলেজ চলা পর্যন্ত (যেটা আগে আসে) এ সুযোগ পাওয়া যাবে। এমনকি গাড়ি বিক্রি হয়ে গেলে পরবর্তী মালিকও এ সুবিধা পাবেন। তবে ক্রেতাদেরও গাড়ি সঠিকভাবে চালাতে ও রক্ষণাবেক্ষণ করতে হবে। আর রক্ষণাবেক্ষণ একটি নির্দিষ্ট সময় পরপর হতে হবে। এ ক্ষেত্রে বিএমডব্লিউর অনুমোদিত বিধিও মেনে চলতে হবে। সংবাদ সম্মেলনে এক্সিকিউটিভ মোটরসের মহাব্যবস্থাপক দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল বলেন, চালকদের ঝামেলামুক্ত গাড়ি চালানোর অভিজ্ঞতা দিতে বিএমডব্লিউ এই উদ্যোগ নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মোটরসের ডিরেক্টর আফটার সেলস এম বি করিম।