বিএমডব্লিউর গাড়ি বিক্রির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের প্রথম ছয় মাসে গাড়ি বিক্রির রেকর্ড গড়েছে বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। এই সময়ে এক মিলিয়নের বেশি গাড়ি বিক্রি করেছে তারা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিএমডব্লিউ।


বিএমডব্লিউ গ্রুপের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিএমডব্লিউ সারা বিশ্বে ১০ লাখ ২০ হাজার ২১১টি গাড়ি বিক্রি করেছে, যা বছরভিত্তিক হিসেবে ৬ দশমিক ৯ শতাংশ বেশি।

বিবৃতিতে বিএমডব্লিউ আরও জানিয়েছে, কেবল জুনে বিএমডব্লিউর গাড়ি বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ মাসে সারা বিশ্বে তাদের এক লাখ ৯৩ হাজার ৩৪২টি গাড়ি বিক্রি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৮ শতাংশ বেশি।
বিএমডব্লিউ এজির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ইয়ান রবার্টসন বলেন, ‘অর্থবছরের প্রথম ছয় মাসে এক মিলিয়নের বেশি গাড়ি বিক্রি আমাদের জন্য এটাই প্রথম।’

চলতি অর্থবছরের প্রথমার্ধে এশিয়া, আমেরিকা ও ইউরোপে বিলাসবহুল এই গাড়ি বেশি বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে এশিয়ায় ১৮ দশমিক ৩ শতাংশ, আমেরিকায় ৩ দশমিক ৪ শতাংশ ও ইউরোপে ২ দশমিক এক শতাংশ হারে বেড়েছে। কেবল চীনে বিএমডব্লিউ গাড়ি বিক্রি বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ। এই সময়ে চীনে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বিক্রি হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩৫টি।