বিএমবিএর সভাপতি এ হাফিজ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন
ট্রিপল এ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ এ হাফিজ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির উদ্দিন আহমেদ। এ ছাড়া ইসি সিকিউরিটিজ লিমিটেডের সিইও তানজিল চৌধুরী সহসভাপতি ও এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও দেবব্রত কুমার সরকার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বিএমবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম শেষে প্রথমে নির্বাহী পরিষদের ১১ জন সদস্য নির্বাচিত করা হন। পরে নির্বাহী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।নির্বাচনের পর বিএমবিএর বিদায়ী সভাপতি শেখ মর্তুজা আহমেদ নবনির্বাচিতদের পরিচয় করে দেন।আনুষ্ঠানিক বক্তব্যে নবনির্বাচিত সভাপতি এ হাফিজ সাংবাদিকদের বলেন, শেয়ারবাজার বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছেন। সবাইকে ধৈর্য সহকারে এ অবস্থা মোকাবিলা করতে হবে।হাফিজ আরও বলেন, ‘আমরা একটি স্থিতিশীল শেয়ারবাজার দেখতে চাই। তাই বাজারে স্থিতিশীলতা আনতে যা কিছু করা দরকার, মার্চেন্ট ব্যাংক তা করবে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।’ পবিত্র ঈদুল আজহার পর বাজারে গতিশীলতা আসবে বলেও মনে করেন তিনি।নবনির্বাচিত সহসভাপতি তানজিল চৌধুরী বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হবে বাজারে নতুন ইস্যু নিয়ে আসা। এ ক্ষেত্রে নতুন বন্ড আনাসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।’ এ ছাড়া পাইপলাইনে থাকা কোম্পানিগুলোও যাতে দ্রুত বাজারে আসে, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। নতুন করে কেউ ফোর্সড সেল করবে না বলেও জানান তিনি।