বিএসআরএম ও ওয়েস্টার্ন মেরিনকে সংবর্ধনা
বন্দর-সুবিধার কারণে ভারী শিল্পসহ সব ধরনের শিল্প স্থাপনের আদর্শ স্থান চট্টগ্রাম। অথচ নানা সমস্যায় এখানে শিল্প স্থাপনের সংখ্যা কমে গেছে। চট্টগ্রামের সমস্যাকে আঞ্চলিক সমস্যা মনে করার মানসিকতা থেকে বের হতে হয়ে আসতে হবে নীতিনির্ধারকদের। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে এ অঞ্চলের শিল্প উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে।
শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৪ পাওয়া দুই প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে এ সংবর্ধনা দেয় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) চট্টগ্রাম চ্যাপটার।
অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেন, বিএসআরএম স্টিলের এমডি আমির আলী হোসাইন সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবদুল করিম, আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম ক্লাবের সভাপতি এম এ সালাম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, আইবিএফবির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান খান, ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রমন ও আইবিএফবি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব।