বিএসইসি থেকে আরিফ খানের পদত্যাগ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান পদত্যাগ করেছেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাঁর এ পদত্যাগ কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর এ পদত্যাগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। এরপর বিকেলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানও পদত্যাগের সত্যতা স্বীকার করেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব এম আসলাম আলম বলেন, স্বাস্থ্যগত কারণে আরিফ খান পদত্যাগ করেছেন। গত বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় আরিফ খান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছি। শারীরিক সমস্যা নিয়েও আমি আমার সাধ্যমতো কাজ করে গেছি। কিন্তু বর্তমানে সমস্যা বেড়ে যাওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না।’
২০১০ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনার পর ২০১১ সালে এসে সরকার বিএসইসি পুনর্গঠন করে। তাতে প্রথম
দফায় কমিশনার হিসেবে আরিফ খান তিন বছরের জন্য নিয়োগ পান। ২০১৪ সালে এসে প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় চার বছরের জন্য তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রাপ্তির দুই বছর না যেতেই তিনি পদত্যাগ করেন। ২০১৮ সালে তাঁর দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার কথা।
একাধিক সূত্রে জানা গেছে, বিএসইসির কমিশনার পদ থেকে পদত্যাগের পর একটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে আরিফ খানের যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ওই আর্থিক প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গুলশানে। আগেও তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।