বিএসইসি ১০ তলাবিশিষ্ট নিজস্ব ভবন তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি বরাদ্দ পাওয়ার ১০ বছর পর অবশেষে ১০ তলাবিশিষ্ট নিজস্ব ভবন তৈরি করতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংস্থাটি নিজের খরচেই নির্মাণ করবে এ ভবন। এতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে এক বিঘা জমির ওপর ভবনটি নির্মিত হবে। প্রতিষ্ঠার শুরু থেকেই বিএসইসির কার্যালয় রাজধানীর দিলকুশায় জীবন বীমা ভবনে। এটি জীবন বীমা করপোরেশনের কাছ থেকে ভাড়া নেওয়া।
বিএসইসি এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ বিভাগের ১৯৯৮ সালের ২১ জুলাই জারি করা পরিপত্র অনুযায়ী কোনো ভবন নির্মাণ বা সম্প্রসারণ করতে প্রধানমন্ত্রীর অনুমোদনের দরকার পড়ে। আবার, মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ৩ এপ্রিল জারি করা পরিপত্র অনুযায়ী এককভাবে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রস্তাবের জন্য দরকার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের। এ দুই শর্তের বাইরে থাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিএসইসির নিজস্ব ভবন তৈরিতে সম্মতি দিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়।
সূত্রমতে, ২০০৪ সালের জুনে রাজধানীর শেরেবাংলা নগরের ই-৬ প্লটে বিএসইসিকে এক বিঘা জমি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বরাদ্দপত্রের শর্তানুযায়ী বিএসইসি জমির মূল্য বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ করলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিএসইসির অনুকূলে ইজারা দলিল নিবন্ধন করে দেয় ২০০৯ সালের ৫ জানুয়ারি। এরপর বিএসইসির নামে নাম জারি হয় এবং কয়েক বছর ধরেই সংস্থাটি খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ করে আসছে।
স্থাপত্য অধিদপ্তর এরই মধ্যে ভবনের নকশা তৈরি করেছে বলে জানা গেছে। সে অনুযায়ী একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করে বিএসইসি তা পাঠিয়েছে গণপূর্ত অধিদপ্তরে। এদিকে, পরিকল্পনা বিভাগের ২০০৩ সালের ৮ নভেম্বরের পরিপত্র অনুযায়ী, তারল্য সনদ দিতে রাজি হয়েছে অর্থ বিভাগ। একই পরিপত্রের শর্তানুযায়ী, ডিপিপির ওপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মতামতও পাঠিয়েছে।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মোটামুটি সব প্রক্রিয়া সম্পন্ন। আমরা এখন নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অপেক্ষায়।’
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘নিজস্ব ভবন তৈরি করতে এখন আর বিএসইসির কোনো বাধা নেই।’