বিএসইসিতে যোগ দিলেন স্বপন কুমার বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পাওয়ার পরদিনই গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন স্বপন কুমার বালা। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। ওই আদেশে স্বপন কুমার বালাকে দুই বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়। তবে নতুন কর্মস্থলে যোগদানের আগে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার কথাও বলা হয় ওই আদেশে।
বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে স্বপন কুমার বালা ১৩ এপ্রিল থেকে তাঁর পুরোনো কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে শিক্ষকতা পেশায় যোগ দেন। তার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। ১২ এপ্রিল ডিএসইর এমডি পদে মেয়াদপূর্তির পর তিনি শিক্ষকতায় ফিরে যান। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করে (ডেপুটেশন) বিএসইসিতে যোগ দেন তিনি।
গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যগত কারণে বিএসইসির কমিশনার পদ থেকে আরিফ খান পদত্যাগ করলে একটি পদ শূন্য হয়। এখন সেই শূন্য পদে স্বপন কুমার বালা যুক্ত হওয়ায় কমিশন আবার পূর্ণাঙ্গ হয়েছে। একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে বিএসইসির পূর্ণাঙ্গ কমিশন।