বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারকে পুনর্নিয়োগ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও চার কমিশনারকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বর্তমান কমিশনই দ্বিতীয় মেয়াদে পুনর্বহাল হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান পদে এম খায়রুল হোসেনকে চার বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মে মাসে তাঁর প্রথম দফার নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের আগেই সেটি বাড়ানো হলো। এর ফলে ২০১৮ সালের মে মাস পর্যন্ত চেয়ারম্যান থাকবেন তিনি।
এ ছাড়া কমিশনার পদে হেলাল উদ্দিন নিজামী ও আরিফ খানের চুক্তির মেয়াদও চার বছর করে বাড়ানো হয়েছে। এই দুই কমিশনারেরও প্রথম দফায় নিয়োগের মেয়াদ মে মাসে শেষ হওয়ার কথা ছিল। এখন এই মেয়াদ ২০১৮ সালের মে মাস পর্যন্ত বেড়েছে।
এ ছাড়া বিএসইসির অপর দুই কমিশনারের মধ্যে আমজাদ হোসেনের চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩০ এপ্রিল এবং এ সালাম সিকদারের মেয়াদ ২০১৭ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখিত তারিখে তাঁদের বয়স সরকারি চাকরির জন্য নির্ধারিত ৬৫ বছর পূর্ণ হবে। এ কারণে তাঁদের দুজনের মেয়াদ চার বছরের চেয়ে কম বেড়েছে।
২০১০ সালে শেয়ারবাজার ধসের পর এম খায়রুল হোসেনসহ বর্তমান কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই এম খায়রুল হোসেন বলেছিলেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তাঁর প্রধান কাজ। কিন্তু নিয়োগের প্রথম মেয়াদ শেষ হতে চললেও বাজার এখনো স্থিতিশীল নয়। তবে বর্তমান কমিশন স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নসহ পুঁজিবাজারে উল্লেখযোগ্য কিছু সংস্কার করেছে।