বিএসএফআইসির চিনি শুধু ডিলারদেরই কোটায় দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনি সবার কাছে অবাধে বিক্রি (ফ্রি সেল) না করে পরিবেশকদের মাসিক কোটাভিত্তিতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতি।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, বাজারমূল্যের চেয়ে চিনির দাম বেশি নির্ধারণ করায় ২০১১ সালের সেপ্টেম্বর থেকে চিনির ব্যবসা করতে পারছেন না ডিলাররা। ডিলারদের চিনি তোলার জন্য এক লাখ টাকা করে জামানত রাখতে হয়। আবার যত টন চিনি বরাদ্দ করা হয় তা না তুললে প্রতি টনে ২০০ টাকা করে জরিমানা করে করপোরেশন। এসব কারণে ডিলাররা মানবেতর জীবন যাপন করছেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালের ১ জুন করপোরেশন প্রতি কেজি চিনির দাম ৪৫ থেকে বাড়িয়ে ৫৩ টাকা করে। এরপরে রমজানের আগে তা ৬০ টাকা করা হয়। এতে চিনি বিক্রি বন্ধ হয়ে যায়। অন্যদিকে স্থানীয় বাজারেও দাম কমতে থাকে। এ অবস্থায় একই বছরের ৩ নভেম্বর চিনির দাম কেজিপ্রতি ৫৫ টাকায় নির্ধারণ করা হয়। ওই দামেও ডিলারদের চিনি সংগ্রহ করা সম্ভব হয়নি। সর্বশেষ চলতি বছরের ১৯ জুলাই চিনির দাম ৫০ টাকা করা হলেও চিনিকলগুলোর চিনি বিক্রি হয়নি।চিনি ডিলার ব্যবসায়ী সমিতির নেতারা অভিযোগ করেন, সরকারি চিনিকলগুলোর চিনি যেন বিক্রি না হয় সে জন্য ষড়যন্ত্র হচ্ছে। এসব চিনিকল বন্ধ হয়ে গেলে কয়েক লাখ বেকার হবে এবং চিনির বাজার সুবিধাভোগী লোকদের হাতে চলে যাবে।চিনি ডিলাররা প্রতি কেজি চিনি বাজারজাতকরণে এক টাকা করে মুনাফা ও পরিবহন ব্যয় নিশ্চিত করা; চিনি না তুললে টনপ্রতি ২০০ টাকা করে জরিমানার প্রথা বাতিল; অপরিশেধিত চিনি আমদানিতে টনপ্রতি শুল্কহার দুই হাজার ও পরিশোধিত চিনির ক্ষেত্রে তা সাত হাজার টাকায় পুনর্বহালের দাবি জানায় সমিতি।