বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হসপিটাল বা বিশেষায়িত হাসপাতালে উন্নীত করা হবে। রোগ অনুযায়ী আলাদা কেন্দ্র থেকে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
সেখানে তৈরি করা হবে ইমার্জেন্সি মেডিকেল কেয়ার সেন্টার বা জরুরি চিকিৎসাসেবাকেন্দ্র, গ্যাস্ট্রো এন্টারোলজি ও হেপাবিলিয়ারি সেন্টার, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্র, কার্ডিও অ্যান্ড সেরেব্রো ভাসকুলার সেন্টার, কিডনি রোগ নিরাময়কেন্দ্র, আইসিইউ, ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার ইত্যাদি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হসপিটাল প্রকল্প নামের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ১ হাজার ৩৬৬ কোটি টাকার প্রকল্প নিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটিসহ নয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বিএসএমএমইউতে সুলভ মূল্যে গরিব মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির এ প্রকল্পটি নেওয়া হয়েছে। এর আওতায় বিএসএমএমইউর অভ্যন্তরে দুটি বেসমেন্টসহ একটি ১৩ তলা ভবন তৈরি করা হবে। এ ছাড়া হাসপাতালের জন্য প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও আসবাব কেনা হবে।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অনেক হাসপাতাল আছে। কিন্তু মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। বিদেশে গেলে ওই সব দেশের চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে অনেক ভালো চিকিৎসক রয়েছেন। কিন্তু মানসম্পন্ন নার্সিং সেবা মেলে না। যন্ত্রপাতিও ভালো নয়।
একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদনের জন্য উত্থাপন করা হলে রোগীদের চলাচলের সুবিধার্থে শাহবাগ এলাকায় দুটি আন্ডারপাস নির্মাণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকালের একনেক সভায় অনুমোদিত নয়টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮৫৮ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে দেওয়া হবে ২ হাজার ৪৭৭ কোটি ৪৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান আসবে ১৭৩ কোটি ৯৩ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে ২ হাজার ২০৭ কোটি ৩৫ লাখ টাকা।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৬৩৫ কোটি টাকার টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ স্থাপন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীতকরণ; ২৫০ কোটি টাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন; ৯০৩ কোটি টাকার তিতাস গ্যাসফিল্ডে গ্যাস উদ্গিরণ নিয়ন্ত্রণ এবং ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন (১ম সংশোধিত); ৬১৫ কোটি টাকার গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন; ২৫৪ কোটি টাকার জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি; ৫৭২ কোটি টাকায় নগরাঞ্চলের ভবন সুরক্ষা, ১৫০ কোটি টাকায় জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) এবং ১০৭ কোটি টাকায় ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মকসুদপুর সড়কের উন্নয়ন।