বিএসটিআই অধ্যাদেশ সংশোধন হচ্ছে
পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫-এর সংশোধনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ লক্ষ্যে গঠিত কমিটি ইতিমধ্যে কাজও শুরু করেছে। কমিটির সুপারিশ করা সংশোধনীগুলো অনুমোদনের জন্য বিএসটিআইয়ের আগামী কাউন্সিল সভায় উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী সভাপতিত্ব করেন বলে শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সভায় জাতীয় শিল্পনীতি-২০১০ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পনীতি-২০১০ পরিমার্জনে গঠিত কমিটির সুপারিশ এ মাসের মধ্যে চূড়ান্ত করতে নির্দেশও দেওয়া হয়েছে।সভায় জানানো হয়, জাতীয় শিল্পনীতির আলোকে একটি শিল্প আইন প্রণয়নের কাজ চলছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়েছে। এ ছাড়া শিল্প প্রসারের জন্য শিল্পমেলা আয়োজন, উদ্যোক্তাদের বিদেশ সফর, সংবর্ধনা, পুরস্কারসহ অন্যান্য প্রণোদনা দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন নামে নতুন একটি আর্থিক খাত খোলা হচ্ছে।