বিএসটিআইকে সহায়তা দেবে এনআইএসটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের সক্ষমতা বাড়ানো ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দিতে সম্মত হয়েছে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও মানবিষয়ক প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে গত মঙ্গলবার আয়োজিত বৈঠকে এনআইএসটির জ্যেষ্ঠ কর্মকর্তারা এ বিষয়ে সম্মত হন। বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ একটি বিশ্বমানের গুণগতমান নীতি প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বাংলাদেশের মান অবকাঠামোর উন্নয়নে এনআইএসটিসহ যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। বৈঠকে এনআইএসটির ভারপ্রাপ্ত সহযোগী পরিচালক রিচার্ড ক্যাভানা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য এস এম গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।